শনিবার । ২০শে জুন, ২০২৬ । ৬ই আষাঢ়, ১৪৩৩

কালীগঞ্জে কলেজছাত্রী শাহীনা হত্যাকারীদের গ্রেপ্তার ও দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

সাতক্ষীরার কালীগঞ্জে কলেজছাত্রী শাহীনা রাসুল হাসির হত্যাকারীদের গ্রেপ্তার ও দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় গ্রামবাসীরা। শনিবার (১৮ জুন) দুপুরে সাতক্ষীরার কালিগঞ্জের বিষ্ণুপুর ইউনিয়নের চাঁচাই স্কুল মাঠে এই মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, কালীগঞ্জে আলোচিত কলেজছাত্রী শাহীনা রাসুল হাসির হত্যাকান্ডে এখন পর্যন্ত তার স্বামীকেই গ্রেপ্তার করা হয়েছে। মামলার অপর আসামী যারা এই হত্যাকান্ডের সহযোগী তাদেরকেও গ্রেপ্তার করে আইনের কাঠগড়ায় দাড় করাতে হবে। আমরা এই হত্যাকান্ডের বিচার দ্রুত শেষ করে অভিযুক্তদের আইনের মাধ্যমেই সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি করছি।

মানববন্ধনে আরও বলা হয়, পুলিশ তদন্তকালে জানতে পেরেছে কলেজছাত্রী শাহিনা রাসুল হাসির মরদেহ এমনভাবে ঝুলন্ত ছিল যা দেখে স্পষ্টই বলা যেতে পারে এটি আত্মহত্যা নয়। তারা বলেন, মেয়েটির পা দু’টি বারান্দার মেঝেতে লাগানো ছিল। এমন অবস্থায় এই ঘটনা হত্যা বলে দাবি করেন তারা। নিহত শাহীনা রাসুল সাতক্ষীরার কালিগঞ্জ রোকেয়া মুনসুর কলেজের সম্মান বিভাগের ছাত্রী ছিলেন।

প্রসঙ্গতঃ গত ৯ জুন কালিগঞ্জের সোনাতলা গ্রামে মনিরুল ইসলামের স্ত্রী শাহীনা রাসুল হাসির লাশ ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে পুলিশ। এসময় পালিয়ে যাওয়ার চেষ্টা করলে গ্রামবাসী মনিরুলকে ধরে পুলিশে সোপর্দ করে। পরে মনিরুল পুলিশের কাছে নিজের অপরাধ স্বীকার করে।

বিষ্ণুপুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মৃনাল কুমার মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মানববন্ধনে বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, নিহত হাসির ভাই ফয়সাল ইসলাম, বাবা আমিরুল ইসলাম, মা ফাতেমা খাতুন ছাড়াও এলাকার লোকজন। তারা অনতিবিলম্বে অন্য আসামীদেও গ্রেপ্তার করে ফাঁসিতে ঝোলানোর দাবি জানান।

 

খুলনা গেজেট/ আ হ আ




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন