সাতক্ষীরার আশাশুনিতে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

সাতক্ষীরার আশাশুনিতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সাইকেল আরোহী এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (২৮ নভেম্বর) দুপুরে সাতক্ষীরার আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের কাপসন্ডা গ্রামের প্রাইমারী স্কুল মাঠের কাছে এঘটনা ঘটে।

নিহত শিশুর নাম আকাশ হোসেন (১০)। সে সাতক্ষীরার আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের কাপসন্ডা গ্রামের বাবু সরদারের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আকাশ হোসেন দুপুর দেড় টার দিকে স্থানীয় চেউটিয়া বাজার থেকে বাইসাইকেল চালিয়ে কাপসন্ডা গ্রামের বাড়িতে আসতেছিল। কাপসন্ডা গ্রামের প্রাইমারী স্কুল মাঠের কাছে পৌছালে প্রতাপনগর থেকে ছেড়ে আসা সাতক্ষীরা গামী লস্কর কোম্পানীর বসুন্ধরা এলপি গ্যাস পরিবহনের কাজে ব্যবহৃত একটি ট্রাক (যশোর-ন-১১- ০৮৯৫) পিছন দিক থেকে তাকে চাপা দেয়। এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই সে মারা যায়।

স্থানীয় জনতা ট্রাকটি আটক করতে পারলেও চালক পালিয়ে যেতে সক্ষম হয়।

আশাশুনি থানার অফিসার ইনচার্জ গোলাম কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘাতক ট্রাকটি থানা হেফাজতে নেওয়া হয়েছে।

খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন