১১ দলীয় ঐক্যের হুঁশিয়ারি

গণভোট না মানলে রাজনীতি সংঘাতের দিকে যেতে পারে

গেজেট প্রতিবেদন

গণভোটে অনুমোদিত জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ অনুযায়ী অবিলম্বে সংবিধান সংস্কার পরিষদ গঠনের দাবি জানিয়েছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। এ দাবিতে মঙ্গলবার (৭ জুলাই) মানিক মিয়া এভিনিউয়ে মানববন্ধন করে জাতীয় সংসদ ভবনে গিয়ে স্পিকার হাফিজ উদ্দিন আহমদকে স্মারকলিপি দিয়েছে এ জোট। এ সময় জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার সরকারকে হুঁশিয়ার করে বলেছেন, গণভোট না মানলে রাজনীতি সংঘাতের দিকে যেতে পারে।

গত ১৩ নভেম্বর ‘জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ’ জারি করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। আদেশ অনুসারে গণভোট অধ্যাদেশ জারি করা হয়। ১২ ফেব্রুয়ারির নির্বাচনের দিনে গণভোট হয়, তাতে প্রায় ৬৯ শতাংশ ভোটে আদেশ এবং সংবিধান সংস্কারের ৪৮টি প্রস্তাব অনুমোদিত হয়। আদেশ অনুযায়ী হ্যাঁ ভোট জয়ী হলে এক মাসের মধ্যে সংবিধান সংস্কার পরিষদের বৈঠক হবে। জামায়াত, এনসিপিসহ বিরোধী জোটের এমপিরা পরিষদের সদস্য হিসেবে শপথ নিলেও, বিএনপি জোটের এবং স্বতন্ত্র এমপিরা শপথ নেননি। বিএনপি বলছে, সংবিধানে না থাকায় তারা পরিষদের শপথ নেবেন না।

জামায়াত জোট সংবিধান সংস্কারে পরিষদের বৈঠক আহ্বান এবং জুলাই সনদ হুবহু বাস্তবায়নের দাবি জানিয়ে যাচ্ছে। এ দাবিসহ জুলাই গণহত্যার বিচারে ১১ দল জুলাই শহীদ পরিবারের সদস্য, আহত ও জুলাইযোদ্ধাদের নিয়ে মানববন্ধন করে। ছয় দফা দাবিতে স্পিকারকে স্মারকলিপি দেন সর্বকনিষ্ঠ জুলাই শহীদ জাবির ইব্রাহিমের মা এবং জামায়াতের এমপি রোকেয়া বেগম।

মানববন্ধনে গোলাম পরওয়ার বলেন, বাংলাদেশের রাজনীতির এখন প্রধান সংকট হলো গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া। স্পিকারকে বলেছি- প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতাকে গণভোটের রায় বাস্তবায়নে আইনি পদক্ষেপ গ্রহণ করুন। স্পিকার আশ্বস্ত করেছেন।

সভাপতির বক্তব্যে ১১ দলের সমন্বয়ক হামিদুর রহমান আযাদ সরকারের উদ্দেশে বলেন, ক্ষমতায় বসে জনগণের মতকে উপেক্ষা করে চলবেন, এটা হতে দেওয়া হবে না। গণভোটের রায় বাস্তবায়নের জন্য প্রয়োজনে আরও একটি জুলাই বিপ্লব হবে, তারপরও রাজপথ ছাড়ব না।

স্মারকলিপি দেওয়ার সময় স্পিকারের সঙ্গে ডেপুটি স্পিকার কায়সার কামাল, এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এমপি, ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের আমির নুরুল ইসলাম বুলবুল এমপি, ঢাকা উত্তরের আমির সেলিম উদ্দিন, দক্ষিণ সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদ এমপি প্রমুখ উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তৃতা করেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব জালাল উদ্দীন আহমেদ, জাগপার সহসভাপতি রাশেদ প্রধান, এবি পার্টির যুগ্ম আহ্বায়ক মেজর (অব.) ডা.আবদুল ওহাব মিনার, এলডিপির ভারপ্রাপ্ত মহাসচিব বিল্লাল হোসেন মিয়াজি, লেবার পার্টির মহাসচিব খন্দকার মিরাজ হোসাইন প্রমুখ।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন