ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে হুমাম কাদের চৌধুরী বলেন, ‘আমার এখানে থাকার কথা ছিল না। আমার মরহুম বাবা সালাউদ্দিন কাদের চৌধুরীকে মিথ্যা মামলায় হত্যা করা হয়েছে। সেই কারণেই আল্লাহর অশেষ দয়ায় আজ আমি এই সংসদে আসার সুযোগ পেয়েছি।’ রবিবার (২৬ এপ্রিল) বিকেলে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে তিনি এ কথা বলেন।
নিজের নিখোঁজ থাকার সময়ের কথা উল্লেখ করে তিনি বলেন, আয়নাঘর থেকে এই সংসদ পর্যন্ত আসাটা এক অনেক লম্বা জার্নি…। যে ব্যক্তি টানা ৭ মাস আয়নাঘরে (গোপন বন্দিশালা) বন্দি ছিল, সে নিশ্চয়ই মিথ্যা বলছে না। আমার এই অভিজ্ঞতা থেকেই বলছি, গুম প্রতিরোধে যে নতুন আইনটি হতে যাচ্ছে, সেটি আরও শক্তিশালী হবে।
সরকারের ওপর আস্থা রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, আপনারা সরকারের ওপর আস্থা রাখুন। গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের মতো ঘটনার পুনরাবৃত্তি রোধে সরকার বদ্ধপরিকর। এর আগে বিকেল ৩টা ২৩ মিনিটে পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অধিবেশন পুনরায় শুরু হয়।
খুলনা গেজেট/এএজে

