সোমবার । ২০শে এপ্রিল, ২০২৬ । ৭ই বৈশাখ, ১৪৩৩

গুমের বিরুদ্ধে শক্তিশালী আইন চায় জনগণ : রিজভী

গেজেট প্রতিবেদন

গুম অধ্যাদেশ বাতিল প্রসঙ্গে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক বিষয়ক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, জনগণ গুমের বিরুদ্ধে শক্তিশালী আইন চায়।

সোমবার (২০ এপ্রিল) রাজধানীর নয়াপল্টনের বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় দলটির সাবেক সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলী ও তার ড্রাইভারের গুম সন্ধানের দাবিতে আলোচনা সভা ও দোয়া মাহফিলে রিজভী এ কথা বলেন।

তিনি বলেন, দেশ একটি দুঃসময় অতিক্রম করে এখন সুসময়ের দিকে এগোচ্ছে। তবে এই সুসময় শুধু ব্যক্তি বা গোষ্ঠীর জন্য নয়, বরং পুরো জাতির জন্য নিশ্চিত করতে হবে। দেশের জনগণ চায়, গুম আইনে যেসব ঘাটতি রয়েছে তা পূরণ করে একটি শক্তিশালী আইন করা হোক।

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) এ নেতা বলেন, প্রকৃত সুসময় তখনই প্রতিষ্ঠিত হবে, যখন আইনের শাসন নিশ্চিত হবে এবং কোনো সাধারণ মানুষ অন্যায়ের শিকার হলে আদালতে ন্যায়বিচার পাবে। ক্ষমতার অপব্যবহার বন্ধ করাকেও তিনি সুসময়ের অন্যতম শর্ত হিসেবে উল্লেখ করেন।

গুমসংক্রান্ত অধ্যাদেশ বাতিল প্রসঙ্গে রুহুল কবির রিজভী সরকারের প্রতি একটি শক্তিশালী আইন প্রণয়নের আহ্বান জানান, যাতে ভবিষ্যতে কোনো সরকার গুমের মতো অমানবিক পন্থা ব্যবহার করতে না পারে।

তিনি আরও বলেন, পার্লামেন্টে একটি কার্যকর আইন করতে হবে, যাতে ভবিষ্যতে কেউ রাজনৈতিক প্রতিপক্ষকে অদৃশ্য করার সুযোগ না পায়। জনগণ এ বিষয়ে সরকারের কাছ থেকে স্পষ্ট অবস্থান চায়।

সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করে রিজভী বলেন, ক্ষমতায় আসার পর সরকার তাদের অঙ্গীকার বাস্তবায়নে দ্রুত পদক্ষেপ নিচ্ছে। কৃষিঋণের সুদ মওকুফ, ফ্যামিলি কার্ড ও ফার্মারস কার্ড বিতরণসহ নানা উদ্যোগের প্রমাণ।

তবে তিনি সতর্ক করে বলেন, শুধু ঘোষণা নয়, বাস্তব কাজের মাধ্যমে তা প্রমাণ করতে হবে। বিশেষ করে বাজারে সিন্ডিকেট, গ্যাস ও এলপিজি সংকট, জ্বালানি তেলের সরবরাহসহ বিভিন্ন বিষয়ে কঠোর নজরদারি প্রয়োজন।

রিজভী অভিযোগ করেন, অতীতে সিন্ডিকেটের মাধ্যমে বাজার নিয়ন্ত্রণ ও ক্ষমতার অপব্যবহার হয়েছে। এই সরকারকে নিশ্চিত করতে হবে যেন কোনো গোষ্ঠী বাজার বা সম্পদ নিয়ন্ত্রণ করতে না পারে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন