জাতীয় সংসদের অধিবেশন শুরুতেই হট্টগোল ও বিরোধী দলের প্রতিবাদের মধ্য দিয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তার ভাষণ শুরু করেন। এ সময় সংসদ কক্ষে উত্তেজনাপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়। বৃহস্পতিবার (১২ মার্চ) সংসদ প্রথম অধিবেশনে হট্টগোল শুরু হয়।
অধিবেশনে রাষ্ট্রপতিকে ভাষণ দেয়ার জন্য স্পিকার হাফিজ উদ্দিন আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানান। স্পিকারের আহ্বানের পরপরই বিরোধী দলের সংসদ সদস্যরা নিজ নিজ আসনে দাঁড়িয়ে প্রতিবাদ জানান। তাদের হাতে বিভিন্ন প্ল্যাকার্ড দেখা যায়। প্ল্যাকার্ডগুলোতে ‘জুলাই নিয়ে গাদ্দারি চলবে না’, ‘জুলাইয়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা বন্ধ কর’সহ নানা স্লোগান লেখা ছিল।
পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে স্পিকার সংসদ সদস্যদের শান্ত থাকার আহ্বান জানান। এ সময় হট্টগোলের মধ্যেই রাষ্ট্রপতি সংসদ কক্ষে প্রবেশ করেন এবং স্পিকারের পাশে নির্ধারিত আসনে বসেন।
রাষ্ট্রপতি ভাষণ শুরু করলে বিরোধী দল জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্যরা সংসদ কক্ষে হইচই অব্যাহত রাখেন। রাষ্ট্রপতির বক্তব্য চলাকালে প্রধানমন্ত্রী ও বিএনপির সংসদ সদস্যদের টেবিল চাপড়ে সমর্থন জানাতে দেখা যায়। এক পর্যায়ে প্রতিবাদ অব্যাহত রেখে বিরোধী দলের সংসদ সদস্যরা অধিবেশন থেকে ওয়াক আউট করেন।
খুলনা গেজেট/এএজে

