দায়িত্বে অবহেলার অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের বিভিন্ন ইউনিটের ১৮ জন নেতাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে সংগঠনটির কেন্দ্রীয় সংসদ। অভিযুক্ত নেতাদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দয়া হয়েছে।
মঙ্গরবার (১০ মার্চ) দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলমের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সংগঠনের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির যৌথভাবে এ নির্দেশনা প্রদান করেন।
তিতুমীর কলেজ শাখা
সরকারি তিতুমীর কলেজ ছাত্রদলের চার যুগ্ম আহ্বায়ক হামদে রাব্বি আকরাম, আকরাম হোসেন টোটন, মিরাজ আল ওয়াসী এবং কাজী মো. শহিদুল ইসলামকে এ নোটিশ দেয়া হয়েছে।
দায়িত্ব পালনে অবহেলার অভিযোগের ভিত্তিতে তাদের বিরুদ্ধে কেন স্থায়ী সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, সে বিষয়ে ব্যাখ্যা চাওয়া হয়েছে।
ঢাকা মহানগর উত্তর শাখা
ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহসভাপতি ফখরুল ইসলাম ফাহাদ, ইমাম হোসেন নির্জন ও ইমরান খান সনি, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাগর বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক মুনতাসির হাসান সোহাগ ও আব্দুল হালিম এবং সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিমকেও একই অভিযোগে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে।
ঢাকা মহানগর পূর্ব শাখা
ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সিনিয়র সহসভাপতি আব্দুল্লাহ জামাল চৌধুরী আদিত্য, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুল ইসলাম সৈকত এবং সাংগঠনিক সম্পাদক আজিম উদ্দিন আবিদকে নোটিশ দেয়া হয়েছে।
বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা
বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি আবু হোরায়রা, সিনিয়র সহ-সভাপতি রিসালাত ইসলাম সজীব, সাধারণ সম্পাদক এম. রাজীবুল ইসলাম তালুকদার (বিন্দু) এবং সাংগঠনিক সম্পাদক জহিরুল হক সাইমুনকেও কারণ দর্শাতে বলা হয়েছে।
নোটিশে বলা হয়েছে, সংগঠনের দায়িত্বশীল পদে থেকে দায়িত্বে অবহেলার অভিযোগে তাদের বিরুদ্ধে স্থায়ী সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের আগে লিখিত ব্যাখ্যা প্রদান করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হয়ে সভাপতি ও সাধারণ সম্পাদকের উপস্থিতিতে ব্যাখ্যা জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।
খুলনা গেজেট/এমএনএস

