রবিবার । ১৫ই মার্চ, ২০২৬ । ১লা চৈত্র, ১৪৩২

শেষ মুহূর্তে সড়ক ও পাড়া মহল্লায় বাড়ছে প্যানা ফেস্টুন

নিজস্ব প্রতিবেদক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আর বাকী ৫দিন। সময় এগিয়ে আসার সাথে সাথে দরজায় কড়া নাড়ছে ভোটের। নির্বাচনি প্রচারণার শেষ মুহূর্তে প্রার্থী ও তাদের নেতা-কর্মী এবং সমর্থকরা কোমর বেধে ভোটের মাঠ চষে বেড়াচ্ছেন। পূর্বের তুলনায় রাস্তা-ঘাট, পাড়া-মহল্লা ও অলি-গলিতে বেড়েছে প্রার্থীদের প্যানা ও ফেস্টুন। পুরুষ কর্মীদের পাশাপাশি বাড়ি বাড়ি দলে দলে ছুটছেন নারী কর্মীরা। খুলনা-৩ আসনের বিএনপি’র প্রার্থী রকিবুল ইসলাম বকুল তার নির্বাচনি এলাকার ৬টি পয়েন্টে জনস্বার্থে ফ্রি ওয়াইফাই সেবা চালু করে এক ব্যতিক্রম উদ্যোগ গ্রহণ করেছেন।

ইতোমধ্যে খুলনার ৬টি আসনের প্রার্থীরা কেন্দ্রে কেন্দ্রে তাদের পোলিং এজেন্ট নিয়োগ এবং প্রশিক্ষণ প্রদান শুরু করেছেন।

প্রতিদিন উঠান বৈঠক, গণসংযোগ, পথসভা ও মতবিনিময় সভার মাধ্যমে ভোটারদের কাছে নিজেদের অবস্থান তুলে ধরছেন প্রার্থীরা। ভোটারদের নজর কাড়তে নিচ্ছেন নানা উদ্যোগ। দিচ্ছেন বিভিন্ন প্রতিশ্রুতি।

গতকাল শুক্রবার ছিল সাপ্তাহিক ছুটির দিন। কর্মজীবী মানুষের কাজের ব্যস্ততা না থাকায় অনেকেই তাদের পছন্দের প্রার্থীদের পক্ষে প্রচারণায় মাঠে নামেন। সব মিলিয়ে খুলনা জুড়ে নির্বাচনি উত্তাপ বিরাজ করছে। তবে শেষ মুহূর্তের প্রচারণা ও কৌশলই নির্ধারণ করবে কে হাসবে বিজয়ের হাসি, আর কার ভাগ্যে জুটবে অপেক্ষার দীর্ঘশ্বাস।

শুক্রবার দুপুরের পর পূর্ব বানিয়াখামার চৌধুরী গলির সামনে থেকে বিএনপি’র একটি মিছিল বের হয়। যোগ দেন খুলনা- ২ আসনের দলীয় প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু। তার উপস্থিতিতে দলীয় নেতাকর্মীদের উৎসাহ ও উদ্দীপনা আরও বেড়ে যায়। মিছিলটি বাগমারা গিয়ে শেষ হয়। মিছিলে বিভিন্ন বয়সিরা অংশ নেয়। তাদের কেউ কেউ নিজেদের খালেদা জিয়া এবং তারেক রহমানের অনুকরণে সাজে। সন্ধ্যায় নগরীর বিভিন্নস্থানে পথসভা হয়। সভায় দলীয় প্রার্থীদের পক্ষে সদস্যরা বিভিন্ন ফিরিস্তি সাধারণ ভোটারদের কাছে উপস্থাপন করছেন। প্রচার প্রচারণায় থেমে নেই জামায়াতের নেতাকর্মীরা। তারাও নগরীর বিভিন্নস্থানে শোডাউন দিয়েছে।

বাংলাদেশ ব্যাংকের সাবেক কর্মকর্তা ইমরুল হাসান জানান, ‘গত ১৭ বছর দেশে সকল দলের অংশগ্রহণে নির্বাচনি উৎসব ছিলনা। ছিলনা সাধারণ মানুষের ভোটাধিকার। ছিলনা বাক্স্বাধীনতা। ২৪ এর গণ-অভ্যুত্থানের পর স্বাধীনতা ফিরে এসেছে। দেশে একটা নির্বাচনি পরিবেশ বিরাজ করছে। পরিবেশ সুষ্ঠু এবং স্বাভাবিক থাকলে মানুষে কেন্দ্রে ভোট দিতে যাবে।’

তিনি আরও বলেন, ‘ভোটারদের একটি বিরাট অংশ সকল ক্ষেত্রে পরিবর্তন চায়। দেশ পুনর্গঠন ও দুর্নীতির বিরুদ্ধে যারা কাজ করবে গণজোয়ার সেদিকে থাকবে বলে তিনি মনে করেন।’

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন