শুক্রবার । ১৭ই এপ্রিল, ২০২৬ । ৪ঠা বৈশাখ, ১৪৩৩

কৃষক লীগের সমাবেশে মির্জা ফখরুলকে আমন্ত্রণ

গেজেট ডেস্ক

রাজধানীতে আওয়ামী লীগের সহযোগী সংগঠন কৃষক লীগের সমাবেশে যোগ দিতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আমন্ত্রণ জানানো হয়েছে।

শনিবার দুপুরে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে এই সমাবেশ শুরু হওয়ার কথা রয়েছে। সংগঠনটির সভাপতি সমীর চন্দ এ তথ্য নিশ্চিত করেছেন।

কৃষক লীগের সভাপতি বলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কৃষক দলের সভাপতিকে আমন্ত্রণ জানিয়েছি।

এই কৃষক সমাবেশে তাদের বক্তব্যের স্বাধীনতা ও কৃষকের পক্ষে কথা বলার জন্য আমন্ত্রণ জানিয়েছি।

এমনকি তাদের সম্মানের সঙ্গে যোগদান ও সমাবেশ শেষে তাদের গন্তব্যে নিরাপদে পৌঁছে দেওয়া হবে বলেও নিশ্চিত করেছি।

সমীর চন্দ বলেন, ‘কৃষক দলের সভাপতি হাসান জাফির তুহিন তার সহকর্মীর মুঠোফোন থেকে হোয়াটসঅ্যাপে আমাকে ফোন করেছিলেন। আগামী কৃষক সমাবেশ এবং আমার শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজখবর নেওয়ার জন্য ফোন করেছিলেন তিনি।’

তিনি আরও বলেন, ‘আমিও তার শারীরিক অবস্থা সম্পর্কে জানতে চেয়েছি। তা ছাড়া শনিবারের কৃষক সমাবেশে উপস্থিত হয়ে কৃষকের জন্য কৃষক দল কী কী করেছে, তার চিত্র তুলে ধরার জন্য তাদের সভাপতি ও সাধারণ সম্পাদককে আমন্ত্রণ জানিয়েছি।’

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন