বাজারে পাওয়া যাচ্ছে নানা রঙের, নানা স্বাদের পাকা আম। সুমিষ্ট ও রসালো এই ফল খেতে পছন্দ করেন না, এমন মানুষ খুব কমই আছে। এমনিতে তো খাওয়া হয়ই, পাকা আম দিয়ে নানারকম সুস্বাদু খাবার তৈরি করে খেতে পছন্দ করেন অনেকেই। আমের লাচ্ছি, আমের আইসক্রিম তো খাওয়া হয়ই, পাকা আম দিয়ে কখনো পাটিসাপটা তৈরি করে খেয়েছেন?
চলুন জেনে নেওয়া যাক পাকা আম দিয়ে পাটিসাপটা তৈরির রেসিপি-
তৈরি করতে যা লাগবে
পাকা আম- ২টি
চালের গুঁড়া- ১ কাপ
ময়দা- আধা কাপ
চিনি- ১/৪ কাপ
ঘি- পরিমাণমতো।
পুরের জন্য যা লাগবে
আমের পাল্প- আধা কাপ
সুজি- ২ টেবিল চামচ
ঘন দুধ- ১ কাপ
চিনি- ২ টেবিল চামচ।
যেভাবে তৈরি করবেন
পাকা আম বীজ ও খোসা ছাড়িয়ে ব্লেন্ড করে ছেকে নিতে হবে। প্যানে সামান্য চামচ ঘি দিয়ে আমের পাল্প, সুজি, ঘন দুধ ও ২ টেবিল চামচ চিনি নেড়ে পুর বানিয়ে নিতে হবে। একটা বাটিতে দুধ, আম, চালের গুঁড়া, ময়দা, চিনি মিশিয়ে ব্যাটার বানিয়ে নিতে হবে। একটা প্যানে ঘি ব্রাশ করে ১ চা চামচ ব্যাটার দিয়ে ছড়িয়ে দিতে হবে। একপাশে পুর দিয়ে পেচিয়ে পাটিসাপটার আকারে গড়ে নিতে হবে। এভাবে সবগুলো পিঠা ভেজে তুলুন।
খুলনা গেজেট/এএজে

