ঝগড়ার পরে সম্পর্ক ঠিক করতে কী করবেন?

লাইফ স্টাইল ডেস্ক

যুক্তি মেনে ঝগড়া হয় না। আমরা বেশিরভাগ সময়েই ঝগড়া হলে যুক্তিহীন কথা বলে থাকি। স্বাভাবিকভাবেই ঝগড়ার পরের অংশও মধুর হয় না। মনোমালিন্য লেগে থাকে ছায়া হয়ে। যতক্ষণ পর্যন্ত না আবার সবকিছু ঠিক হচ্ছে। আপনি হয়তো এমন কিছু বলেছেন যা বলতে চাননি, সে হয়তো আপনাকে আরও বেশি ভুল বুঝে দূরে সরে থাকছে। এভাবে চলতে থাকলে পরিস্থিতি আরও খারাপ হতে থাকবে।

তাই ঝগড়ার পরে সম্পর্ক ঠিক করার জন্য করতে হবে কিছু কাজ-

ক্ষমা প্রার্থনা
আমি দুঃখিত তুমি আঘাত পেয়েছো এবং মি দুঃখিত আমি তোমাকে এটি বলেছি- বলার মধ্যে একটি বড় পার্থক্য রয়েছে। প্রথমটি মনে হতে পারে আপনি তার প্রতিক্রিয়ার জন্য ক্ষমাপ্রার্থী। দ্বিতীয়টি যা ঘটেছে তাতে আপনার অংশের দায়ভার নেয়। সত্যিকারের ক্ষমা চাওয়ার জন্য নাটকীয় বক্তৃতা লাগে না। কখনও কখনও একটি সাধারণ স্বীকৃতি আরও ভালো কাজ করে। যেমন আপনি যদি বলেন যে, আমি রেগে গিয়েছিলাম, কিন্তু আমার তোমার সঙ্গে এমন কথা বলা উচিত হয়নি। তাহলে তার রাগ আর বেশি দূর যেতে পারবে না। তার সব কথা মেনে নেওয়ার কোনো দরকার নেই, তবে নিজের ভুলটুকুর জন্য ক্ষমা প্রার্থনা করুন।

সময় নিন
ঝগড়া শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের ভেতরে অপরাধবোধ কিংবা সবকিছু ঠিক করার তাড়া চলে আসাটা স্বাভাবিক। সেজন্য আপনি তার সঙ্গে জোর করে কথা বলা বা অনবরত টেক্সট করা থেকে বিরত থাকুন। বরং কিছুটা সময় বিরতি নিন। উভয়েই। এটি খুব দরকার। যার যার নিজের ভুল বুঝতে পারার জন্য হলেও উভয়েরই কিছুটা সময় আলাদা ও একা থাকা প্রয়োজন। এতে পরবর্তীতে পরিস্থিতি সামলানো সহজ হবে।

ভুল নিয়ে কথা বলুন
চলো, এভাবে আর কখনো ঝগড়া না করি- সুন্দর শোনাচ্ছে, কিন্তু এটা আসলে কোনো কিছুরই সমাধান করে না। তর্কের নেপথ্যে কী ঘটেছে তা বোঝার চেষ্টা করুন। সে কি আপনাকে উপেক্ষা করে যাচ্ছিল? অথবা তার সেই পুরনো রাগ উসকে দিয়েছিল কেউ? কোনো ছোট ইস্যু কি অনেক বড় হয়ে গেছে কারণ আপনারা কেউই শুনতে পাননি? তাই ঝগড়ার নেপথ্যে কার কতটুকু ভুল সেটুকু খুঁজে বের করুন। নিজের কোনো ভুল বুঝতে পারলে তা সংশোধন করুন।

কথা নয়, কাজ
কথা নয় আসলে, আমাদের কাজের মাধ্যমেই অপরের হৃদয়ে বিশ্বাস সৃষ্টি করা যায়। মুখে মধুর কথা বললেই তা সব সময় সত্যি হয় না। তাই কাজই পারে আপনাকে প্রমাণ করতে। তাই আপনি যে নিজেকে বদলে নিচ্ছেন, সেকথা মুখে না বলে বরং কাজের মাধ্যমে প্রমাণ দিন। যেমন একটুতেই মেজাজ না হারানো। তাকে আগের থেকে আরেকটু বেশি সহ্য করা। এই তো!

যুক্তিকে গোলাবারুদ হিসাবে ব্যবহার করবেন না
আপনি অনেক সুন্দর যুক্তি দিয়ে কথা বলতে পারেন। তার মানে এই নয় যে প্রতিটি ঝগড়ার প্রতিটি পর্বে আপনাকেই জিততে হবে। কখনো কখনো ছেড়ে দিতে জানতে হয়। আপনি যদি তার প্রতিটি কথা ধরে যুক্তিখণ্ডন করতে থাকেন, তবে এমনটা আপনার ক্ষেত্রেও ফিরে আসবে। যে কারণে পরস্পর সঙ্গী না থেকে প্রতিদ্বন্দ্বী হয়ে উঠবেন। তাই আপনার যুক্তিকে গোলাবারুদ হিসাবে ব্যবহার করবেন না।

খুলনা গেজেট/এএজে




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন