সকালে ঘুম থেকে উঠেই ব্যায়াম করা অনেকের কাছেই কঠিন মনে হতে পারে। কিন্তু নিয়মিত সকালে শরীরচর্চা করার কিছু বিশেষ উপকারিতা আছে, যা শুধু শরীর নয়, মনকেও ভালো রাখে। বিশেষজ্ঞদের মতে, দিনের শুরুতে ব্যায়াম করলে সারাদিন বেশি সতেজ ও কর্মক্ষম থাকা যায়।
চলুন জেনে নেওয়া যাক সকালে ব্যায়াম করার কিছু গুরুত্বপূর্ণ উপকারিতা।
মনোযোগ নষ্ট হওয়ার ঝামেলা কম থাকে
সকালে ব্যায়াম করলে দিনের অন্যান্য কাজ শুরু হওয়ার আগেই শরীরচর্চা শেষ করা যায়। সকাল সকাল ফোন কল, মেসেজ, অফিসের কাজের চাপ বা অন্য ব্যস্ততা কম থাকে। ফলে নিয়মিত ব্যায়ামের অভ্যাস গড়ে তোলা সহজ হয় এ সময়।
গরমের কষ্ট কম হয়
গরমের দিনে দুপুর বা বিকেলে ব্যায়াম করা বেশ কষ্টকর হতে পারে। সকালে আবহাওয়া তুলনামূলক ঠান্ডা থাকে, তাই হাঁটা, দৌড়ানো বা ব্যায়াম অনেক বেশি আরামদায়ক হয়।
স্বাস্থ্যকর খাবার খাওয়ার প্রবণতা বাড়ে
গবেষণায় দেখা গেছে, যারা নিয়মিত ব্যায়াম করেন তারা দিনের বাকি সময়েও তুলনামূলক স্বাস্থ্যকর খাবার বেছে নেন। সকালে ব্যায়াম করলে অস্বাস্থ্যকর খাবারের প্রতি আকর্ষণ কিছুটা কমতে পারে।
মনোযোগ ও একাগ্রতা বাড়ে
সকালের ব্যায়াম মস্তিষ্ককে সক্রিয় করে তোলে। এতে কাজের প্রতি মনোযোগ বাড়ে, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা উন্নত হয় এবং সারাদিন মানসিকভাবে সতেজ থাকা যায়।
মেজাজ ভালো রাখে
ব্যায়াম করার সময় শরীরে ‘এন্ডোরফিন’ নামের একটি হরমোন তৈরি হয়, যা মন ভালো রাখতে সাহায্য করে। তাই সকালে শরীরচর্চা করলে দিনটা ইতিবাচকভাবে শুরু করা সহজ হয়।
ওজন কমাতে সাহায্য করতে পারে
কিছু গবেষণায় দেখা গেছে, সকালে খালি পেটে হালকা ব্যায়াম করলে শরীর বেশি ফ্যাট পোড়াতে পারে। নিয়মিত ব্যায়াম ও সঠিক খাদ্যাভ্যাস মিলিয়ে এটি ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে।
ক্ষুধা নিয়ন্ত্রণে রাখতে সহায়ক
সকালের ব্যায়াম ক্ষুধা নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে। এতে অতিরিক্ত খাওয়ার প্রবণতা কমে এবং শরীরের ক্যালোরি ব্যালেন্স ঠিক থাকে।
রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে
উচ্চ রক্তচাপ কমাতে ব্যায়াম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কিছু গবেষণায় দেখা গেছে, সকালে ব্যায়াম করলে রক্তচাপ নিয়ন্ত্রণে ভালো ফল পাওয়া যেতে পারে।
ঘুম ভালো হয়
যারা সকালে ব্যায়াম করেন, তাদের অনেকেরই রাতে ঘুম ভালো হয়। এতে দ্রুত ঘুম আসে এবং গভীর ঘুমের সময়ও বাড়তে পারে।
ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়ক
সকালের ব্যায়াম রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে। বিশেষ করে টাইপ-১ ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে সকালে ব্যায়াম করলে রক্তে শর্করা হঠাৎ কমে যাওয়ার ঝুঁকি তুলনামূলক কম থাকতে পারে।
ব্যায়ামের আগে কী খাবেন?
সকালে ব্যায়ামের আগে হালকা কিছু খাওয়া ভালো। এসময় যেসব খাবার বেছে নিতে পারেন-
কলা ও পিনাট বাটার
ওটমিল ও ফল
দই
ব্যায়ামের পরে প্রোটিন ও কার্বোহাইড্রেটসমৃদ্ধ খাবার খাওয়া উচিত, যাতে শরীর দ্রুত শক্তি ফিরে পায়।
সকাল নাকি সন্ধ্যা, কোন সময় ভালো?
আসলে ব্যায়ামের সবচেয়ে ভালো সময় হলো যেটা আপনি নিয়মিত মেনে চলতে পারেন। তবে সকালে ব্যায়াম করলে অনেকেই বেশি ধারাবাহিক থাকতে পারেন। আবার কারও কাছে সন্ধ্যার ব্যায়াম বেশি সুবিধাজনক হতে পারে।
কিছু সহজ টিপস
রাতে তাড়াতাড়ি ঘুমানোর চেষ্টা করুন
ব্যায়ামের পোশাক আগেই প্রস্তুত রাখুন
শুরুতে অল্প সময় ব্যায়াম করুন
যে ব্যায়াম ভালো লাগে, সেটাই বেছে নিন
বন্ধুর সঙ্গে ব্যায়াম করলে আগ্রহ বাড়ে
সবশেষে বলা যায়, সকালে ব্যায়াম শুধু শরীর ফিট রাখে না, বরং সারাদিনের কাজের শক্তি ও মানসিক স্বস্তিও বাড়ায়। নিয়মিত অল্প সময়ের শরীরচর্চাও দীর্ঘমেয়াদে বড় উপকার এনে দিতে পারে।
সূত্র: হেলথলাইন
খুলনা গেজেট/এনএম

