সাতক্ষীরায় শিক্ষকের বাড়িতে ডাকাতি, ৮ লক্ষাধিক টাকার মালামাল লুট

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

সাতক্ষীরা শহরের মধ্যকাঠিয়া এলাকায় এক স্কুল শিক্ষকের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। ডাকাতরা অস্ত্রের মুখে শিক্ষকের স্ত্রীকে জিম্মি করে নগদ ৩৭ হাজার টাকা ও সাড়ে তিন ভরি ওজনের স্বর্ণের গহনা লুট করে নিয়ে যায়। তবে পুলিশ বলছে ডাকাতি নয়, চুরির ঘটনা ঘটেছে।

সোমবার (৩ আগস্ট) রাত সাড়ে ৯ টার দিকে শহরের মধ্য কাটিয়া এলাকায় সাতক্ষীরা কালেক্টরেট স্কুল এন্ড কলেজের চারু কারু বিভাগের শিক্ষক জামাল হোসেনের বাড়িতে এই ঘটনা ঘটে।

এ ঘটনায় স্কুল শিক্ষক জামাল হোসেন বাদী হয়ে রাতে সাতক্ষীরা সদর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

শিক্ষকের অভিযোগের ভিত্তিতে জানা যায়, সোমবার রাত সাড়ে ৯ টার দিকে দুই তিনজনের এক দল দুর্বৃত্ত সাতক্ষীরা শহরের মধ্য কাটিয়া এলাকায় তার বাড়ির বারান্দার গ্রিল কেটে ঘরের ভিতরে ঢোকে। এ সময় তার স্ত্রী এবং একমাত্র শিশুসন্তান বাসায় ছিলো। দুর্বৃত্তরা প্রথমে তার স্ত্রীর গলায় ছুরি ধরে তাকে জিম্মি করে। পরে তার হাত-পা বেঁধে বেডের উপর ফেলে রেখে ঘরের আলমিরা ভেঙে ২০ হাজার টাকা ও সাড়ে তিন ভরি ওজনের স্বর্ণের গহনা নিয়ে যায়। নগদ টাকাসহ লুটে নেওয়া স্বর্ণের গহনার আনুমানিক মূল্য ৮ লক্ষাধিক টাকা।

সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাঃ মাসুদুর রহমান বলেন, এই ঘটনায় বাড়ির মালিক জামাল হোসেন থানায় একটি অভিযোগ দিয়েছেন। তবে এটি ডাকাতির কোন ঘটনা নয়, এটি একটি সাধারণ চুরির ঘটনা। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে বলে জানান তিনি।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন