সাতক্ষীরা শহরের বাটকেখালি এলাকায় মিশন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের সড়কের উপর একটি ডাস্টবিনে জমে থাকা ময়লা গত এক সপ্তাহ ধরে অপসারণ না করায় পুরো এলাকায় তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে। এতে পথচারী, স্থানীয় বাসিন্দা এবং বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা চরম দুর্ভোগে পড়েছেন।
স্থানীয়দের অভিযোগ, নিয়মিতভাবে ময়লা অপসারণ না করায় ডাস্টবিন উপচে সড়কের ওপর পর্যস্ত বর্জ্য ছড়িয়ে পড়েছে। প্রচণ্ড দুর্গন্ধে ওই সড়ক দিয়ে চলাচল করা দুষ্কর হয়ে উঠেছে। বিশেষ করে মিশন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশেই ডাস্টবিনটি হওয়ায় শিক্ষার্থীরা সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হচ্ছে। বাতাসের সাথে দুর্গন্ধ ছড়িয়ে পড়ায় শিক্ষার্থীদের ক্লাসে বসা মুশকিল হয়ে পড়েছে।
বিদ্যালয়ের একজন ছাত্রের অভিভাবক সাইফুল হোসেন বলেন, “সাতক্ষীরা-ব্যাংদহা সড়কের বাটকেখালী এলাকায় মিশন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে সড়কের উপর একটি ডাস্টবিন রয়েছে। এলাকার বাসিন্দারা প্রতিনিয়ত তাদের গৃহের ময়লা আবর্জনা এই ডাস্টবিনে ফেলে থাকেন। অনেকে ডাস্টবিনে ময়লার ব্যাগ ছুড়ে ফেলতে গিয়ে তা পাশে সড়কের উপরও পড়ে যায়। কিন্তু পৌর কর্তৃপক্ষ নিয়মিত এই ডাস্টবিন পরিষ্কার না করায় ফেলে রাখা ময়লা পচে এলাকায় তীব্র দুর্গন্ধ ছাড়ায়। গত প্রায় এক সপ্তাহ ধরে এই ডাস্টবিনের ময়লা অপসারণ করা হয় না। ফলে পুরো এলাকা জুড়ে তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে। এতে করে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে পাশে অবস্থি প্রাইমারি স্কুলের শিক্ষার্থীদের। অনেক অভিভাবক তাদের সন্তানদের স্কুলে পাঠানো থেকে বিরত রয়েছে।”
বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামিমা পারভীন জানান, দুর্গন্ধের কারণে অনেক শিক্ষার্থী শ্রেণিকক্ষে স্বাভাবিকভাবে বসে পাঠ গ্রহণ করতে পারছে না। অনেক সময় জানালা-দরজা বন্ধ রেখেও দুর্গন্ধ থেকে রেহাই মিলছে না। ফলে বিদ্যালয়ের স্বাভাবিক পাঠদান কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।” তিনি দ্রুত বিদ্যালয়ের পাশ থেকে ডাস্টবিনটি অপসারণের দাবি জানান।
এ বিষয়ে সাতক্ষীরা পৌরসভার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে স্থানীয় বাসিন্দা প্রখাম পাইন বলেন, দ্রুত ডাস্টবিনটি পরিষ্কার করে নিয়মিত বর্জ্য অপসারণের ব্যবস্থা গ্রহণ করা না হলে জনস্বাস্থ্য ও শিক্ষার পরিবেশ আরও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।
পৌর সভার ৫নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোঃ শাহিন জানান, বিদ্যালয়ের মতো একটি গুরুত্বপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠানের পাশে টানা এক সপ্তাহ ধরে ময়লার স্তূপ ফেলে রাখা অত্যন্ত দুঃখজনক। এতে একদিকে যেমন শিশুদের স্বাস্থ্যঝুঁকি বাড়ছে, অন্যদিকে পরিবেশও দূষিত হচ্ছে। তিনি দ্রুত ময়লা অপসারণের পাশাপাশি ভবিষ্যতে নিয়মিত বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে পৌর কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানান।
এ বিষয়ে সাতক্ষীরা পৌরসভার সমাজ উন্নয়ন কর্মকর্তা মোঃ জিয়াউর রহামন বলেন, “পৌর সভার পক্ষ থেকে প্রতিদিন ভোরে শহরের প্রতিটি ডাস্টবিন থেকে অফিসের নিজস্ব গাড়িতে করে ময়লা অপসারণ করা হয়। যে কারণে একটি ডাস্টবিনে সপ্তাহ ধরে ময়লা আবর্জনা জমে থাকার কথা নয়। এরপরও মিশন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে সড়কের উপর অবস্থিত ডাস্টবিন থেকে কেন ময়লা অপসারণ করা হয়নি তা খতিয়ে দেখা হবে। একই সাথে দ্রুত ওই ডাস্টবিনের ময়লা অপসারণের ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
স্থানীয়দের প্রত্যাশা, বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে পৌরসভা দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে এবং বিদ্যালয়ের শিক্ষার অনুকূল পরিবেশ ফিরিয়ে আনবে।
খুলনা গেজেট/এনএম

