বুধবার । ১লা জুলাই, ২০২৬ । ১৭ই আষাঢ়, ১৪৩৩

চট্টগ্রামে যুবককে গুলি করে হত্যা

গেজেট প্রতিবেদন

চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশ থানাধীন ফরেস্ট গেইট এলাকায় মো. আজাদ নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (১ জুলাই) বিকেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে তাকে গুলিবিদ্ধ অবস্থায় মৃত ঘোষণা করেন চিকিৎসক।

নিহত আজাদ পাঁচলাইশ থানার হামজারবাগ হাকিম শাহ হুজুরের বাড়ির বাসিন্দা রশীদের ছেলে।

হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার বিকেল ৩টা ৫০ মিনিটের দিকে গুরুতর আহত অবস্থায় আজাদকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালের চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালে নেওয়া প্রত্যক্ষদর্শী ইসহাক আলম জানান, বিকেলে ফরেস্ট গেইট এলাকায় রাস্তার পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় হঠাৎ পেছন থেকে অজ্ঞাতপরিচয় কয়েকজন দুর্বৃত্ত আজাদকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিতে গুরুতর আহত হয়ে তিনি রাস্তায় লুটিয়ে পড়লে দ্রুত উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

চমেক পুলিশ ফাঁড়ির পরিদর্শক নুরুল আলম আশেক বলেন, হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয় বলে চিকিৎসকরা জানান। মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং মামলার প্রস্তুতি চলছে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন