শনিবার । ২০শে জুন, ২০২৬ । ৬ই আষাঢ়, ১৪৩৩

তালায় মৃৎশিল্প মেলায় দর্শনার্থীদের প্রাণের উচ্ছ্বাস

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

সাতক্ষীরার তালায় দর্শনার্থীদের উপচেপড়া ভীড় ও প্রাণের উচ্ছ্বাসে অনুষ্ঠিত হয়ে গেল দিনব্যাপী মৃৎশিল্প মেলা। বুধবার (৫ অক্টোবর) তালার মাঝিয়াড়া গ্রামের কপোতাক্ষ নদের তীরে অবস্থিত পরিবেশবান্ধব মৃৎশিল্প কেন্দ্রে বেসরকারি সংস্থা উন্নয়ন প্রচেষ্টা এই মেলর আয়োজন করে।

সকাল থেকে বিকাল গড়ানোর সাথে সাথে মেলা প্রাঙ্গণে দর্শনার্থীদের ভীড় যেমন বাড়তে থাকে, তেমনি শিশু-কিশোর, তরুণ-তরুণী, যুবক-বৃদ্ধসহ সর্বস্তরের মানুষের উপস্থিতিতে মুখরিত হয়ে ওঠে মেলা প্রাঙ্গণ।
মেলায় মৃৎশিল্পের পণ্যের উৎপাদনকারী ও বিপণনকারীরা মাটির তৈরী আধুনিক ও রুচিসম্মত তৈজসপত্র, ফুলদানি ও শিশুদের খেলার সামগ্রীর পসরা নিয়ে বসেন স্টলগুলোতে। মেলায় আগত দর্শনাথীরা স্টলগুলো ঘুরে দেখেন এবং তাদের পছন্দমত পণ্য ক্রয় করেন।

এর আগে তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন। এসময় আরও উপস্থিত ছিলেন, তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত কুমার বিশ্বাস, উপজেলা ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মুর্শিদা পারভীন পাঁপড়ি, তালা প্রেসক্লাবের সভাপতি ও খলিলনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রনব ঘোষ বাবলু, তালা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরদার জকির হোসেন, উন্নয়ন প্রচেষ্টার পরিচালক সেখ ইয়াকুব আলী, সাসের পরিচালক শেখ ইমান আলী, উন্নয়ন প্রচেষ্টার এসইপি প্রজেক্ট ম্যানেজার শাহনেওয়াজ কবির শাওন প্রমুখ।

এসময় অতিথিরা বলেন, মৃৎশিল্প বাংলাদেশের মৃতপ্রায় একটি ঐতিহ্যবাহী শিল্প। হারিয়ে যেতে বসা এই শিল্প রক্ষায় অগ্রণী ভূমিকা রাখবে মৃৎশিল্পের মেলা। মাটির তৈরী এসব পণ্য যদি সঠিকভাবে বাজারজাত করা যায়, তাহলে এই শিল্প আরও সম্প্রসারিত হবে। পরে অতিথিরা মেলার স্টলগুলো পরিদর্শন করেন।

খুলনা গেজেট/ টি আই




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন