কালিগঞ্জে শ্যালকের শাবলের আঘাতে ভগ্নিপতির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

সাতক্ষীরার কালিগঞ্জে চুরির ঘটনাকে কেন্দ্র করে শ্যালকের শাবলের আঘাতে ভগ্নিপতির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) বেলা ৩ টার দিকে কালীগঞ্জ উপজেলা উত্তর রঘুনাথপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতের নাম সামছুর গাজী (৫৫)। তিনি উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের উত্তর রঘুনাথপুর গ্রামের মৃত ওমেদ আলীর ছেলে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান সাফিয়া পারভীন জানান, অনেকদিন যাবত বিভিন্ন কারণে শ্বশুরবাড়ির লোকজনের সাথে বিরোধ চলছিল সামছুর গাজীর। দু’দিন আগে সামছুর গাজীর ছেলে মিজান কালিকাপুরে কয়েকটি ঘের থেকে মাছ চুরি করে। এনিয়ে বৃহস্পতিবার দুপুর ২ টার দিকে সামছুর গাজীর শ্যালক ফজের আলী ও ওমর আলী তাদের বাড়িতে যান। এসময় চুরির বিষয় নিয়ে শ্যালকদের সাথে সামছুরের পরিবারের লোকজনের মধ্যে মারপিট শুরু হয়। একপর্যায়ে সামছুর গাজীকে লোহার শাবল দিয়ে মাথায় আঘাত করেন তার শ্যালক ফজের আলী। গুরুতর আহত অবস্থায় বেলা ৩ টার দিকে স্থানীয়রা সামছুর গাজীকে উদ্ধার করে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এসময় তাদের হামলায় নিহতের স্ত্রী ও ছেলেসহ কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছেন ইউপি চেয়ারম্যান।

কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আমিনুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কৃষ্ণনগরে সামছুর গাজী নামে একজন নিহত হয়েছেন। হত্যার সাথে জড়িতদের আটক করতে পুলিশের অভিযান অব্যাহত আছে।

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন