খালপাড়ে ডেকে নিয়ে যুবককে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক, নড়াইল

নড়াইলের কালিয়া উপজেলার দেবদুন গ্রামে মাদক বেচাকেনা ও পূর্ব শত্রুতার জের ধরে মো: নুর আরাফাত মোল্যা (৩৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। সোমবার (৫ অক্টোবর) রাত ১২টার দিকে নিহতের বাড়ির পাশে খালপাড়ে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত আরাফাত নড়াগাতি থানার দেবদুন গ্রামের মকিদুল মোল্যার ছেলে।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, জমিজমা সংক্রান্ত পূর্ববিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন আরাফাতকে হত্যা করেছে। গত রাত সাড়ে ১১ টার দিকে আরাফাত বাড়ির সামনে বসে মোবাইল চালাচ্ছিলো। সে সময় কবির মোল্লা তাকে ডেকে নিয়ে খালপাড়ে নিয়ে যায়। পরে ৮/১০ জন দেশীয় অস্ত্র নিয়ে আরাফাতের উপর হামলা চালায়। এসময় সে চিৎকার করলে তার বাবা, ভাই, মা ও ভাতিজা দৌড়ে এগিয়ে আসলে তাদের উপরও হামলা করে প্রতিপক্ষরা। পরে আরাফাতের মৃত্যু নিশ্চিত করে হত্যাকারীরা চলে যায়।

নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হোসেন আলী খুলনা গেজেটকে জানান, মাদক বেচাকেনার দ্বন্দ্বে প্রতিপক্ষ একই গ্রামের কবির হোসেন, জিসানসহ ৪-৫ জন মিলে আরাফাত মোল্যাকে হত্যা করেছে। বিষয়টি আরও তদন্ত চলছে। ময়নাতদন্তের জন্য আরাফাতের মরদেহ হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন