নড়াইলে বৃদ্ধকে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক, নড়াইল

নড়াইল সদরের ভদ্রবিলা ইউনিয়নের পলইডাঙ্গা-মহারাগ গ্রামে ফুটবল খেলাকে কেন্দ্র করে মোস্তফা কাজী (৭৫) নামে এক বৃদ্ধকে কুপিয়ে ও হাতুড়িপেটা করে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষ ভদ্রবিলা গ্রামের লোকজনের বিরুদ্ধে। শুক্রবার (৩ জুলাই) বিকেলে এ ঘটনা ঘটে।

পরিবারের সদস্যরা জানান, চারদিন আগে স্থানীয় মাঠে ফুটবল খেলা নিয়ে পলইডাঙ্গা-মহারাগ এবং ভদ্রবিলা গ্রামের যুবকদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এই বিরোধ মীমাংসার জন্য শুক্রবার বিকেলে দুই পক্ষের গ্রামবাসীর আলোচনায় বসার কথা ছিল। সেই উদ্দেশ্যে মোস্তফা কাজী বাড়ি থেকে পলইডাঙ্গা বাজারের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে মহারাগ এলাকায় রাস্তার পাশে কলাগাছের ঝোপে ওতপেতে থাকা প্রতিপক্ষের লোকজন তাঁর পায়ে ও মাথায় কুপিয়ে এবং হাতুড়িপেটা করে পালিয়ে যায়। স্বজনরা এ হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচার দাবি করেছেন।

নড়াইল জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আসিফ আকবার জানান, হাসপাতালে আনার আগেই ওই বৃদ্ধের মৃত্যু হয়েছে। তাঁর শরীরে কোপ ও আঘাতের চিহ্ন রয়েছে। লাশের ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার কুন্ডু বলেন, হত্যাকাণ্ডে জড়িতদের আটকের চেষ্টা চলছে। বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন