ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল জেলার দুইটি সংসদীয় আসনে বিজয়ী হয়েছেন বিশ্বাস জাহাঙ্গীর আলম ও মো. আতাউর রহমান বাচ্চু।
নড়াইল-১ আসনে জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম (ধানের শীষ) এবং নড়াইল-২ আসনে জেলা জামায়াতের আমির মো. আতাউর রহমান বাচ্চু (দাঁড়িপাল্লা) বেসরকারি ফলাফলে বিজয়ী হয়েছেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত ২টার দিকে আসন দুটির বেসরকারি ফলাফল ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম।
ঘোষিত ফলাফলে নড়াইল-১ আসনে ধানের শীষ প্রতীক নিয়ে ১১২টি কেন্দ্রে (পোস্টাল ভোটসহ) ৯৯ হাজার ৯৭৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন বিশ্বাস জাহাঙ্গীর আলম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা সেক্রেটারি ওবায়দুল্লাহ কায়সার (দাঁড়িপাল্লা) পেয়েছেন ৭৫ হাজার ২২৫ ভোট।
এ আসনে মোট ১১২টি কেন্দ্রে ভোট দেন ১ লাখ ৮৮ হাজার ৭৫৫ জন ভোটার।
নড়াইল-২ আসনে দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে ১৪৮টি কেন্দ্রে (পোস্টাল ভোটসহ) ১ লাখ ১৮ হাজার ১৪২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন মো. আতাউর রহমান বাচ্চু। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মো. মনিরুল ইসলাম (কলস) পেয়েছেন ৭৮ হাজার ৪৫৭ ভোট। এছাড়া ধানের শীষ প্রতীকের প্রার্থী ড. ফরিদুজ্জামান ফরহাদ পেয়েছেন ৪৫ হাজার ৪৬৩ ভোট।
খুলনা গেজেট/এনএম

