নড়াইল সদর উপজেলার চাঁদপুর গ্রামে জাহাঙ্গীর হোসেন সানা (৫৫) নামে এক ভ্যানচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে সদর উপজেলার চাঁদপুর গ্রামের আবুল কালাম আজাদের বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত জাহাঙ্গীর হোসেন সানা ওই বাড়িতে একা বসবাস করতেন। তিনি যশোর জেলার মনিরামপুর উপজেলার চালুয়াহাটি এলাকার নয়েজ সানার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ১৫ বছর আগে জাহাঙ্গীর হোসেন সানা নড়াইলে এসে সদর উপজেলার গোপীকান্তপুর এলাকায় বসবাস শুরু করেন। প্রায় এক বছর আগে তিনি চাঁদপুর গ্রামের আবুল কালাম আজাদের বাড়ি দেখাশোনার দায়িত্ব নেন এবং সেখানেই একা থাকতেন। জীবিকার তাগিদে তিনি প্রতিদিন ভ্যান চালাতেন।
নিহতের স্ত্রী বিউটি বেগম জানান, গত দুই দিন ধরে পারিবারিক মনোমালিন্যের কারণে তার সাথে আমার যোগাযোগ ছিল না। দুর্বৃত্তরা জাহাঙ্গীর হোসেন সানাকে হত্যা করে তার ভ্যান নিয়ে গেছে।
খবর পেয়ে রবিবার বেলা ১১টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওলি মিয়া মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ করছে। দোষীদের দ্রুত আইনের আওতায় আনা হবে।
খুলনা গেজেট/এএজে

