দুর্গাপূজায় টানা পাঁচ দিনের ছুটি, তার আগের শনিবার খোলা অফিস

গেজেট প্রতিবেদন

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ছুটির দিন পুনর্নির্ধারণ করেছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত সরকারি অফিস বন্ধ থাকবে। এর ফলে ২৩ ও ২৪ অক্টোবর শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটিসহ টানা পাঁচ দিনের ছুটি পাবেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। তবে ছুটির সমন্বয়ে আগামী ১৭ অক্টোবর শনিবার সরকারি অফিস খোলা থাকবে।

সোমবার (৫ অক্টোবর) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার ২৩তম বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। পরে মন্ত্রিপরিষদ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, ২০ অক্টোবর মঙ্গলবার মহা নবমী উপলক্ষে নির্বাহী আদেশে ছুটি রয়েছে। ২১ অক্টোবর বুধবার বিজয়া দশমী উপলক্ষে সাধারণ ছুটি। এর সঙ্গে ২২ অক্টোবর বৃহস্পতিবারও নির্বাহী আদেশে ছুটি দেয়া হয়েছে।

ফলে ২০, ২১ ও ২২ অক্টোবর টানা তিন দিনের ছুটির পর ২৩ ও ২৪ অক্টোবর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় দুর্গাপূজায় মোট পাঁচ দিনের ছুটি হবে। এ ছুটির সমন্বয়ে ১৭ অক্টোবর শনিবার সরকারি অফিস খোলা থাকবে।

মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ২২ অক্টোবরের অতিরিক্ত ছুটি সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রযোজ্য হবে। এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করবে।

তবে জরুরি পরিষেবাগুলো এ ছুটির আওতার বাইরে থাকবে। এর মধ্যে বিদ্যুৎ, পানি, গ্যাস ও অন্যান্য জ্বালানি, ফায়ার সার্ভিস, বন্দর, পরিচ্ছন্নতা, টেলিফোন ও ইন্টারনেট, ডাকসেবা এবং সংশ্লিষ্ট যানবাহন ও কর্মীরা রয়েছেন। হাসপাতাল ও জরুরি চিকিৎসাসেবা, ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম পরিবহনসহ জরুরি কাজের সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানও ছুটির বাইরে থাকবে।

ব্যাংকিং কার্যক্রম চালু রাখার বিষয়ে বাংলাদেশ ব্যাংক এবং আদালতের কার্যক্রমের বিষয়ে সুপ্রিম কোর্ট প্রয়োজনীয় নির্দেশনা দেবে।

৭ নভেম্বরও সাধারণ ছুটি
এদিকে মন্ত্রিসভার বৈঠকে প্রতিবছর ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে সাধারণ ছুটি রাখার সিদ্ধান্ত হয়েছে। একই সঙ্গে দিনটিকে জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদ্‌যাপনসংক্রান্ত মন্ত্রিপরিষদ বিভাগের পরিপত্রে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। ফলে আগামী বছরগুলোতেও ৭ নভেম্বর সাধারণ ছুটি থাকবে।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন