ভারতের সিইসি জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে কলকাতায় নারীদের মহামিছিল

কলকাতা প্রতিনিধি

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং পশ্চিমবঙ্গে তালিকা থেকে বাদ পড়া ২৭ লাখ নারীর ভোটার অধিকার পুনর্বহালের দাবিতে কলকাতায় নারীদের এক বিশাল মহামিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ‘সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি’র আহ্বানে আয়োজিত এই মিছিলে রাজ্যের ২৩টি জেলা থেকে আসা লাখো নারী অংশ নেন।‘

আমার ভোট আমাকে ফিরিয়ে দাও’ স্লোগানকে সামনে রেখে ধর্মতলার লেনিন মূর্তির পাদদেশ থেকে মিছিলটি শুরু হয়। এরপর বেন্টিঙ্ক স্ট্রিট, আর এন মুখার্জি ক্রসিং, লালবাজার, রবীন্দ্র সরণি ও ক্যানিং স্ট্রিট হয়ে এটি নেতাজী সুভাষ রোডে প্রধান নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের কাছে বেঙ্গল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সামনে গিয়ে শেষ হয়।

মিছিলে সিপিআই(এম) কেন্দ্রীয় কমিটির সদস্য দেবলীনা হেমব্রম ও মীনাক্ষী মুখোপাধ্যায়, সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির সাধারণ সম্পাদিকা কণিনীকা ঘোষ, রাজ্য কমিটির সম্পাদিকা মোনালিসা সিনহা, রাজ্য সভানেত্রী জাহানারা খান, সংগঠনের নেত্রী দীপু দাস ও রূপা বাগচীসহ শীর্ষ নারী নেত্রীরা নেতৃত্ব দেন।

পরে বেঙ্গল চেম্বার অব কমার্সের সামনে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, স্পেশাল ইন্টেনসিভ রিভিশনের (এসআইআর) নামে ভারতের প্রায় ১৪ কোটি এবং পশ্চিমবঙ্গ থেকে ৩৭ লাখ ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। বাদ পড়া এই ৩৭ লাখের মধ্যে ২৭ লাখই নারী।

নেত্রীরা অভিযোগ করেন, অন্য দুই সহকারী নির্বাচন কমিশনারের আপত্তি অগ্রাহ্য করে এবং প্রয়োজনীয় নথি জমা দেওয়া সত্ত্বেও অগণতান্ত্রিকভাবে ভোটারদের বাদ দেওয়া হয়েছে। অবিলম্বে সিইসি জ্ঞানেশ কুমারের পদত্যাগ ও তার বিরুদ্ধে এফআইআর দায়েরের দাবি জানান তাঁরা। পাশাপাশি এসআইআর প্রক্রিয়া বাতিল না করা হলে কলকাতা থেকে এই আন্দোলন সারা ভারতে ছড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দেন সংগঠনের নেতৃবৃন্দ।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন