খুলনা জেলা আইনজীবী সমিতির সাবেক নির্বাহী সদস্য, জামায়াতে ইসলামীর খুলনা জেলা আইনজীবী সমিতি থানা শাখার সেক্রেটারি এপে. এ্যাড. খান মো. লিয়াকত আলী (৫৩) ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। সোমবার (১৭ আগস্ট) খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শেখ মো. মোশাররফ হোসেন এ তথ্য জানিয়েছেন।
খুলনা বিভাগে ডেঙ্গু পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় বিভাগের বিভিন্ন হাসপাতালে নতুন করে ১৫৩ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। একই সময়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।
বিভাগীয় স্বাস্থ্য পরিচালক কার্যালয়ের ডেঙ্গু সংক্রান্ত দৈনিক প্রতিবেদন অনুযায়ী, নতুন ভর্তি হওয়া ১৫৩ জন রোগীর মধ্যে ১২০ জন সরকারি হাসপাতালে এবং ৩৩ জন বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন।
বিভাগের জেলাভিত্তিক তথ্যে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় খুলনা জেলায় সর্বোচ্চ ৬৪ জন (সরকারি ৩১, বেসরকারি ৩৩) এবং খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ৩৬ জন রোগী ভর্তি হয়েছেন।
এ ছাড়া বাগেরহাটে ১৫ জন, যশোরে ২০ জন, কুষ্টিয়ায় ৮ জন, নড়াইল ও চুয়াডাঙ্গায় ৪ জন করে, সাতক্ষীরা ও মেহেরপুরে ১ জন করে রোগী ভর্তি হয়েছেন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৭ আগস্ট পর্যন্ত খুলনা বিভাগে মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৫৫৫ জনে। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ হাজার ৫৬ জন। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে ৪৪৮ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। একই সময়ে বিভাগে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৩ জনে, যার মধ্যে সর্বোচ্চ খুলনায় ১২ জন। আর একজনের মৃত্যু হয়েছে বাগেরহাট জেলায়।
উল্লেখ্য, গত ১২ আগস্ট (বুধবার) তিনি ডেঙ্গু জ্বরে আক্রান্ত হন। গত রবিবার দিবাগত রাত ১০টা ৫০ মিনিটে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নি:শ্বাস ত্যাগ করেন। রাতেই তার কফিন গ্রামের বাড়ি বাগেরহাট জেলার কচুয়া উপজেলার গজালিয়া ইউনিয়নের উদয়ন খালী গ্রামের মসজিদ সংলগ্ন বালুর মাঠে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে তার কফিন খুলনা জেলার রূপসা উপজেলার দেয়াড়া গ্রামের নিজ বাড়িতে নিয়ে আসেন। এখানে যোহরবাদ বায়তুল মামুর জামে মসজিদে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজায় ইমামতি করেন মসজিদের ইমাম মাওলানা শাহ আলম। জানজায় জামায়াতে ইসলামীর খুলনা মহানগরী আমির মোহাম্মদ মাহফুজুর রহমান, সেক্রেটারি এ্যাড. শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল এমপি, খুলনা জেলা আইনজীবী সমিতির সভাপতি মোল্লা মাসুম রশীদ, বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিলের কেন্দ্রীয় সহ-সভাপতি এডভোকেট লস্কর শাহ আলম, জেলা আইনজীবী সমিতির সাবেক সহ-সভাপতি এডভোকেট লিয়াকত আলী ও এডভোকেট আওসাফুর রহমান, রূপসা উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা লাবিবুল ইসলাম, মাওলানা হেকমত উল্লাহ, এস এ মুকুলসহ বিএনপি, জামায়াতে ইসলামী ও এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন। জানাজা শেষে সেনের বাজার মল্লিক বাড়ি সালেহা ইউসুফিয়া হাফিজিয়া মাদরাসা প্রাঙ্গনে দাফন করা হয়েছে।
এদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর খুলনা জেলা আইনজীবী সমিতি থানা শাখার সেক্রেটারি এডভোকেট খান মো. লিয়াকত আলীর ইন্তিকালে গভীর শোক প্রকাশ করে ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন জামায়াতে ইসলামীর খুলনা অঞ্চল নেতৃবৃন্দ।
বিবৃতিদাতারা হলেন- জামায়াতে ইসলামীর খুলনা অঞ্চল পরিচালক অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জত উল্লাহ এমপি, অঞ্চল টিম সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক এমপি, মাওলানা আবুল কালাম আজাদ এমপি, অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান এমপি, মাস্টার শফিকুল আলম, মুহাদ্দিস রবিউল বাশার এমপি। অন্যরূপ বিবৃতি দিয়েছেন মহানগরী আমির মোহাম্মদ মাহফুজুর রহমান ও সেক্রেটারি এ্যাড. শেখ জাহাঙ্গীর হুসাইন এমপি, খুলনা জেলা আমির মাওলানা এমরান হুসাইন ও সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান, বাগেরহাট জেলা আমীর মাওলানা রেজাউল করীম ও সেক্রেটারি শেখ মোহাম্মদ ইউনুস, সাতক্ষীরা জেলা আমীর উপাধ্যক্ষ শহীদুল ইসলাম মুকুল ও সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান।
খুলনা গেজেট/এএজে