১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রচার-প্রচারণা চালানোর অভিযোগে নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের চার কর্মীকে আটক করেছে খানজাহান আলী থানা পুলিশ। শনিবার (১৫ আগস্ট) দুপুরে ফুলবাড়ীগেট সংলগ্ন যোগীপোল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড রেললাইন এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন: যোগীপোল ৪ নম্বর ওয়ার্ড যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. বিল্লাল হোসেন (৪০, বাবা —মৃত শাহ আলম), আওয়ামী লীগের কর্মী পারভীন বেগম (৫০, স্বামী—মৃত নাসির মুন্সী), নীলা বেগম (৩২, স্বামী—রওশন আলী) এবং মোসা. বিলকিস বেগম (৪৩, স্বামী—মো. বাদশা মিয়া)।
খানজাহান আলী থানার অফিসার ইনচার্জ মো. আবুল বাশার বলেন, এদের বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ আছে। এরা নিষিদ্ধঘোষিত দলের সদস্য। একত্রিত হয়ে প্রচার-প্রচারণা চালাচ্ছিল, এ কারণে তাদেরকে আটক করা হয়েছে।
খুলনা গেজেট/এএজে

