খুলনায় ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু, নতুন ভর্তি ৬৭

নিজস্ব প্রতিবেদক

খুলনা বিভাগে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় বিভাগে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও এক জনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তি খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এছাড়া এই সময়ে বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতালে নতুন করে আরও ৬৭ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।

সোমবার (৩ আগস্ট) বিকেলে খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে প্রকাশিত ডেঙ্গু সংক্রান্ত দৈনিক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। এর আগে রবিবার খুমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়। এ নিয়ে খুলনা বিভাগে ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু হয়েছে।

খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শেখ মো. মোশাররফ হোসেন জানান, গত ২৪ ঘণ্টায় নতুন করে সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ২৬ জন রোগী। এছাড়া খুলনা জেলার অন্যান্য হাসপাতালে ১৪ জন, বাগেরহাটে ১২ জন, যশোরে ৬ জন, নড়াইলে ৫ জন, ঝিনাইদহে ৩ জন এবং সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে একজন নতুন রোগী ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান বলছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩ আগস্ট পর্যন্ত খুলনা বিভাগের ১০টি জেলায় সর্বমোট ২ হাজার ২১৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে ১ হাজার ৯৮৮ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

এখন পর্যন্ত বিভাগে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট ১০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে সর্বোচ্চ ৯ জন এবং বাগেরহাটে ১ জনের মৃত্যু হয়। আর একজনের বাগেরহাটে মৃত্যু হয়েছে। বর্তমানে বিভাগের হাসপাতালগুলোতে ১৯৬ জন রোগী চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন