কাজীবাছা নদী থেকে শিশুর মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতি‌বেদক

খুলনার বটিয়াঘাটার কাজীবাছা নদী থেকে রিয়াদুল ইসলাম নামে আট বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২২ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার তেঁতুলতলার চর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

মৃত শিশুটি যশোরের অভয়নগর উপজেলার দেয়াপাড়া গ্রামের শিমুল মোল্লার ছেলে।

বটিয়াঘাটা থানার অফিসার ইনচার্জ মো. শরীফুল ইসলাম বলেন, বেলা সাড়ে ১১টার দিকে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ উপজেলার তেঁতুলতলা চরে যায়। সেখানে ৮ বছরের একটি শিশুর মরদেহ চরে আটকে থাকতে দেখা যায়। তার শরীরে কোনো আঘাতের চিহ্ন না থাকলেও বাঁ হাতের কনুইয়ে আঘাতের চিহ্ন রয়েছে। পরবর্তীতে বিষয়টি নৌপুলিশকে জানানো হলে তারা ঘটনাস্থলে আসে।

রূপসা নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আবুল খায়ের মৃত শিশুটির পরিবারের সদস্যদের বরাত দিয়ে বলেন, শিশুটি নানা বাড়ি নড়াইল জেলার কালিয়া উপজেলার বিষ্ণুপুর গ্রামে থেকে স্থানীয় একটি বিদ্যালয়ে পড়াশোনা করত। গত ২০ আগস্ট দুপুর সাড়ে ১২টার দিকে সে নদীতে গোসল করতে নেমে আর উঠতে পারেনি। পরবর্তীতে ভাসতে ভাসতে মরদেহটি এখানে চলে আসে। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

খুলনা গেজেট/সাগর/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন