২ আগস্ট ২০২৪। রাজধানীসহ দেশের সব ছোট-বড় শহরগুলো উত্তপ্ত। বেসরকারি টেলিভিশন চ্যানেল ও অনলাইন পত্রিকাগুলো প্রতি মুহূর্তের খবর প্রচার করে। সব ক্যম্পাসে টানটান উত্তেজনা। আন্দোলনকারীদের পক্ষ অবলম্বন করায় যমুনা টেলিভিশন জনপ্রিয়তা বেড়ে যায়। সময়, একুশে ও একাত্তর টিভির পর্দা থেকে দর্শক মুখ ফিরিয়ে নেয়। মিছিলে- স্লোগানে প্রকম্পিত বাংলাদেশ নামক ভূ-খন্ড। আন্দোলনকারী ছাত্র-জনতার কণ্ঠে একটাই স্লোগান ‘শেখ হাসিনার পদত্যাগ’। আন্দোলনকারীদের পক্ষ জনমত বাড়তে থাকে।
গল্লামারীতে পুলিশ নিহত : খুলনায় শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে সুমন কুমার ঘরামী নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। তিনি ৩৩ বছর বয়সী, পুলিশ লাইনে কর্মরত ছিলেন।
২ আগস্ট বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত খুলনার জিরো পয়েন্ট, গল্লামারী মোড় এবং খুলনা বিশ্ববিদ্যালয় এলাকায় শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের এ সংঘর্ষ হয়। বাগেরহাট জেলার কচুয়া উপজেলার কিসমত মালিপাটন গ্রামের সন্তান। সংঘর্ষে ২০-২৫ জন গুরুতর আহত হয়। দুপুর ২টায় খুলনা নিউমার্কেট এলাকা থেকে বৃষ্টি ও পুলিশের বাধা উপেক্ষা করে পূর্ব ঘোষণা অনুযায়ী আন্দোলনকারীরা গণমিছিল শুরু করে। মিছিলটি ৩টার দিকে শান্তিপূর্ণভাবে গল্লামারী মোড়ে পৌঁছায়।
পুলিশের গাড়িতে আগুন : খুলনার জিরো পয়েন্ট ও গল্লামারী মোড় এবং খুলনা বিশ্ববিদ্যালয় এলাকায় শুক্রবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়। এ সময় পুলিশ শিক্ষার্থীদের লক্ষ্য করে অসংখ্য টিয়ারশেল ও রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। শিক্ষার্থীরাও পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকল ছোড়ে। আন্দোলনকারীরা পুলিশের একটি পিকআপে আগুন ধরিয়ে দেয়।
অসহযোগ আন্দোলন সফল করতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জরুরি নির্দেশনা :
১. কেউ কোনো ধরনের ট্যাক্স বা খাজনা দেবেন না।
২. বিদ্যুৎ বিল, গ্যাস বিল, পানির বিলসহ কোনো ধরনের বিল পরিশোধ করবেন না।
৩. সকল ধরনের সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, অফিস আদালত ও কল কারখানা বন্ধ থাকবে। আপনারা কেউ অফিসে যাবেন না, মাস শেষে বেতন তুলবেন।
৪. শিক্ষা প্রতিষ্ঠানসমূহের কার্যক্রম বন্ধ থাকবে।
৫. প্রবাসীরা ব্যাংকিং চ্যানেলে কোনো ধরনের রেমিটেন্স দেশে পাঠাবেন না।
৬. সকল ধরনের সরকারি সভা, সেমিনার, আয়োজন বর্জন করবেন।
৭. বন্দরের কর্মীরা কাজে যোগ দেবেন না। কোনো ধরনের পণ্য খালাস করবেন না।
৮. দেশের কোনো কলকারখানা চলবে না, গারমেন্টসকর্মী ভাই বোনেরা কাজে যাবেন না।
৯. গণপরিবহণ বন্ধ থাকবে, শ্রমিকরা কেউ কাজে যাবেন না।
১০. জরুরি ব্যক্তিগত লেনদেনের জন্য প্রতি সপ্তাহের রবিবারেও ব্যাংকগুলো খোলা থাকবে।
১১. পুলিশ সদস্যরা রুটিন ডিউটি ব্যাতীত কোনো ধরনের প্রটোকল ডিউটি, রায়ট ডিউটি ও প্রটেস্ট ডিউটিতে যাবেন না। শুধু মাত্র থানা পুলিশ নিয়মিত থানার রুটিন ওয়ার্ক করবে।
১২. দেশ থেকে যেন একটি টাকাও পাচার না হয়, সকল অফশোর ট্রানজেকশন বন্ধ থাকবে।
১৩. বিজিবি ও নৌবাহিনী ব্যাতীত অন্যান্য বাহিনী ক্যান্টনমেন্টের বাইরে ডিউটি পালন করবে না। বিজিবি ও নৌবাহিনী ব্যারাক ও কোস্টাল এলাকায় থাকবে।
১৪. আমলারা সচিবালয়ে যাবেন না, ডিসি বা উপজেলা কর্মকর্তারা নিজ নিজ কার্যালয়ে যাবেন না।
১৫. বিলাস দ্রব্যের দোকান, শোরুম, বিপণি-বিতান, হোটেল, মোটেল, রেস্টুরেন্ট বন্ধ থাকবে।
খুলনা গেজেট/এনএম

