শহরের বিস্তৃতি, দক্ষিণ ও পশ্চিমাংশের সম্প্রসারণ, আকৃতি নিয়মিত করা, যানজট নিরসন, রাস্তার নেটওয়ার্ক উন্নত করা এবং সুযোগ-সুবিধা বৃদ্ধির লক্ষ্যে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ) ২০১৮ সালে তিনটি লিংক রোড নির্মাণ প্রকল্প গ্রহণ করে। প্রকল্পের আওতায় খুলনা বিশ্ববিদ্যালয়ের হল রোড হতে রায়ের মহল মাতব্বর মার্কেট পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার সংযোগ সড়ক (লিংক রোড-২) নির্মিত হচ্ছে। ইতোমধ্যে সড়কের ৪০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। বাকি কাজ চলতি বছরের মধ্যে শেষ হবে বলে কেডিএ সূত্র জানা গেছে। সড়কটি নির্মিত হলে গল্লামারি হতে বয়রা ও রায়ের মহল এলাকার মধ্যে সরাসরি সংযোগ স্থাপিত হবে।
নগরীর ব্যস্ততম সোনাডাংগা ও গল্লামারি এলাকার যানজট এড়িয়ে সরাসরি উক্ত যোগাযোগ স্থাপিত হবে। এরফলে নতুন সড়ক দিয়ে যাতায়াতকারী মানুষের মূল্যবান সময় ও জ্বালানি সাশ্রয়ের পাশাপাশি এ অঞ্চলের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন হবে। নতুন ব্যবসা প্রতিষ্ঠান, দোকানপাট, শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন ধরনের আয়বর্ধক প্রতিষ্ঠান গড়ে উঠবে। তৈরি হবে কর্মসংস্থানের। এর মাধ্যম কর্মপরিবেশ উন্নয়ন ও দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখবে।
কেডিএ সূত্রে জানা গেছে, সাতক্ষীরা ও সিটি বাইপাস সড়ককে সংযুক্ত করে সংযোগ সড়কসহ তিনটি লিংক রোড নির্মাণে ২০১৮ সালে একটি প্রকল্প গ্রহণ করা হয়। এরপর ২০২১ সালে জমিঅধিগ্রহন শুরু করে ২০২৪ সালে জমি আংশিক (সরকারি) অংশে কাজ শুরু করা হয়। পরবর্তীতে ২০২৫ সালে জমি বুঝিয়ে দেওয়া হয়। প্রকল্পের আওতায় দুই লেন বিশিষ্ট খুলনা বিশ্ববিদ্যালয়ের হল রোড হতে রায়েরমহলের মাতব্বর মার্কেট পর্যন্ত ৪ দশমিক ৯ কিলোমিটার সড়কটি নির্মাণের জন্য ২০২৪ সালের আগস্টে দরপত্র আহ্বান করা হয়। মন্ত্রণালয় কর্তৃক অনুমোদনের পর ওই বছরের ১৭ অক্টোবর আইএইচ-আরএসই- এসএইচজে (জেভি) নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে কার্যাদেশ প্রদান করা হয়। সড়কটি নির্মাণে ব্যয় হচ্ছে ৬২ কোটি ৩২ লাখ টাকা। কার্যাদেশ অনুযায়ী, সড়কটি নির্মাণে এক বছর সময় দেয়া হলেও কাজের অগ্রগতি বিবেচনা করে প্রকল্পের মেয়াদ আরো এক বছর বাড়িয়ে চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত নির্ধারণ করা হয়। এ পর্যন্ত কাজের অগ্রগতি ৪০ শতাংশ।
পানি নিষ্কাশনের জন্য একই সাথে সড়কের ৭ দশমিক ৩ মিটার প্রশস্ত পেভমেন্ট, দুইটি কালভার্ট, কয়েকটি ক্রস ড্রেন ও একটি স্লুইচ গেট নির্মাণ করা হচ্ছে।
প্রকল্প পরিচালক ও কেডিএ’র নির্বাহী প্রকৌশলী মোরতোজা আল মামুন খুলনা গেজেটকে বলেন, ‘খুলনা শহর এবং এর পার্শ্ববর্তী এলাকার পরিকল্পিত উন্নয়ন টেকসইকরনের লক্ষ্যে সাতক্ষীরা সড়ক ও সিটি বাইপাস সড়ককে সংযুক্ত করে সংযোগ সড়কসহ তিনটি লিংক রোড নির্মাণ প্রকল্প গ্রহণ করা হয়। নির্মাণাধীন সড়কটি প্রকল্পের আওতাধীন মাস্টার প্লানের অংশ। জিওবি তহবিলের মাধ্যমে তৈরি করা প্রকল্পটি মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত। কেডিএ ও পরামর্শক প্রতিষ্ঠান যৌথভাবে প্রকল্পের অ্যালাইনমেন্ট নির্ধারণ এবং এটি কেডিএ’র সর্বশেষ অনুমোদিত ডিটেইলড এরিয়া প্লান (ড্যাপ) অনুযায়ী নির্ধারিত। প্রকল্পটি বাস্তবায়িত হলে শহর সম্প্রসারিত, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, যানজট নিরসন, দুর্ঘটনা হ্রাস, সর্বোপরি সামাজিক, অর্থনৈতিক ও আঞ্চলিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি বলেন, সড়কটি খুবই মানসম্মত এবং টেকসই হবে। আশা করি নির্ধারিত সময়ে চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই নির্মাণ কাজ শেষ হবে। এরপর আনুষ্ঠানিকভাবে জনসাধারণ ও যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করা হবে।
খুলনা গেজেট/এনএম

