অবশেষে সুন্দরবনের ফিরছে হরিণ শিকারিদের পেতে রাখা ছিটকা ফাঁদে আহত বাঘিনী। গতকাল শুক্রবার গাজীপুর সাফারি পার্কের চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড পরীক্ষা-নিরীপক্ষা শেষে বাঘটিকে সুস্থ এবং বনে উন্মুক্ত করার উপযোগী বলে সার্টিফিকেট দিয়েছে।
এদিকে গতকাল পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম তার ফেসবুকে এক স্ট্যাটাসে লেখেন, আগামী রবিবার, ১২ জুলাই ছয় মাস চিকিৎসার পর সুন্দরবনে ফিরছে আহত বাঘিনী।
এতে তিনি উল্লেখ্য করেন, গত ৩ জানুয়ারি সুন্দরবনের চাঁদপাই রেঞ্জ এলাকায় হরিণ শিকারিদের পেতে রাখা ছিটকা ফাঁদে আটকা পড়ে প্রায় ১০ বছর বয়সী বাঘিনীটি গুরুতর আহত হয়। ফাঁদে আটকে থাকার কারণে বাঘিনীটির সামনের বাঁ পায়ের চামড়া, মাংসপেশি ও শিরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। তখন বন বিভাগ বাঘিনীকে উদ্ধার করে খুলনার বয়রায় বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের পুনর্বাসন কেন্দ্রে পাঠান। পাঁচ সদস্যের মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে দীর্ঘ ছয় মাস চিকিৎসা, নিয়মিত ড্রেসিং ও পরিচর্যার মাধ্যমে বাঘিনীটি সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠেছে। বাংলাদেশে এই প্রথমবারের মত সুন্দরবনে অসুস্থ বাঘকে সুস্থ করে অবমুক্ত করা হচ্ছে।
বন বিভাগ সূত্র জানায়, চলতি বছরের ৩ জানুয়ারি দুপুরে সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের শরকিরখালের অদূরে শিকারিদের পেতে রাখা হরিণ ধরার ছিটকা ফাঁদে আটকে পড়ে বয়স্ক বাঘিনীটি। গুরুতর আহত অবস্থায় ৪ জানুয়ারি বন বিভাগের বিশেষজ্ঞ দল সেটিকে উদ্ধার করে। পরে খুলনার বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের পুনর্বাসনকেন্দ্রে পাঁচ সদস্যের মেডিকেল বোর্ড বাঘিনীটির চিকিৎসা ও নিবিড় পরিচর্যা করে। সুস্থ হয়ে বাঘিনীটি আগের চেহারায় ফিরেছে। ৯ ফুট দৈর্ঘ্যের বাঘিনীর ওজন বেড়ে হয়েছে ৯০ কেজি। তার ক্ষিপ্রতা বেড়েছে। সে এখন শিকার ধরে খেতে পারবে। বাঘিনীটিকে ১২ জুলাই সকালে খুলনা থেকে নদীপথে নিয়ে আন্ধারমানিক ইকোট্যুরিজম কেন্দ্রসংলগ্ন বনাঞ্চলে ছাড়া হবে। বন অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রাণী বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে সম্প্রতি এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, খুলনার বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) নির্মল কুমার পাল বলেন, গেল ছয় মাস সাফারি পার্কের অভিজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধায়নে আমরা বাঘটির দেখভাল করেছি। বাঘটি এখন শতভাগ সুস্থ। শুক্রবার অভিজ্ঞ ও প্রখ্যাত বন্যপ্রাণী চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল টিম সার্টিফিকেট দিয়েছে। ফলে ১২ জুলাই সকালে সুন্দরবনের চাদপাই রেঞ্জের আন্ধারমানিক বনাঞ্চলে বাঘটিকে অবমুক্ত করা হবে।
খুলনা গেজেট/এনএম

