সম্মিলিত প্রচেষ্টায় আঞ্চলিক মানবাধিকার প্রতিষ্ঠা সম্ভব : নেপালের সাবেক প্রধানমন্ত্রী মাধব কুমার

খবর প্রতিবেদন

​দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক)-এর কার্যক্রম জোরদার এবং সদস্য দেশগুলোর মধ্যে ব্যবসা-বাণিজ্য, সংস্কৃতি ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের উন্নয়নে সম্মিলিত প্রচেষ্টার কোনো বিকল্প নেই। দক্ষিণ এশিয়ায় মানবাধিকার প্রতিষ্ঠায় সবাই একযোগে কাজ করতে পারলে বিশ্ব দরবারে এই অঞ্চলের ভাবমূর্তি আরও সমুন্নত হবে।

​শনিবার (১১ জুলাই) সকালে ঢাকার কারওয়ান বাজারস্থ টিসিবি ভবন কনফারেন্স হলে আয়োজিত আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে নেপালের সাবেক প্রধানমন্ত্রী ও কমিউনিস্ট পার্টি অব নেপালের কো-চেয়ারম্যান মাধব কুমার নেপাল এ সব কথা বলেন।

​সম্মেলনে আন্তর্জাতিক প্রতিনিধি হিসেবে আরও উপস্থিত ছিলেন ভারতের সংখ্যালঘু কমিশনের সাবেক চেয়ারম্যান ও সাবেক জেলা জজ এবং সংগঠনের ভারত শাখার সভাপতি ইমতিয়াজ আলী শাহ, মালদ্বীপের বিচার বিভাগীয় প্রধান আমজাদ মোস্তফা এবং মালদ্বীপ পুলিশ বোর্ডের চেয়ারম্যান আহমদ শরীফ।

​সংগঠনের সভাপতি বিচারপতি সিদ্দিকুর রহমান মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় উদ্বোধনী ও স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা এবং সম্মেলনের আহ্বায়ক মেজর জেনারেল (অব.) আবু নাসের মো. ইলিয়াস।

​সভায় অন্যান্যের মধ্যে আরও আলোচনা করেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক আবেদ আলী, পরিচালক ড. মোহাম্মদ মাসুম চৌধুরী, ইকবাল হোসেন, সাইফুল ইসলাম রাসেল ভূঁইয়া, মেজর (অব.) জাহিদ হোসেন, মুহাম্মদ রাজ।

​এছাড়াও অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডন বস্কো স্কুল অ্যান্ড কলেজ ইন্টারন্যাশনালের অধ্যক্ষ শামসুন নাহার লস্কর, প্রাইমএশিয়া ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এ.এন.এম. মেশকাত উদ্দিন এবং সংগঠনের ঢাকা মহানগরের সভাপতি ও সাবেক জেলা জজ শেখ জালাল উদ্দিন।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন