২০২৬ সালের এইচএসসি, আলিম ও এইচএসসি (ভোকেশনাল/বিএমটি) পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে খুলনা মহানগর এলাকায় বিশেষ বিধিনিষেধ জারি করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি)।মঙ্গলবার (৩০ জুন) কেএমপি কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়, খুলনা মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশ, ১৯৮৫-এর ২৯ ও ৩০ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে আগামী ২ জুলাই থেকে ৮ আগস্ট ২০২৬ পর্যন্ত খুলনা মহানগরের ২২টি পরীক্ষা কেন্দ্রে এ আদেশ কার্যকর থাকবে।
নির্দেশনা অনুযায়ী, পরীক্ষার দিন সকাল ৮টা থেকে পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত প্রতিটি কেন্দ্রের চারপাশে ২০০ গজের মধ্যে পাঁচ বা ততোধিক ব্যক্তি একত্রে চলাফেরা বা মিছিল করতে পারবেন না। এছাড়া ওই এলাকায় কোনো ধরনের অস্ত্র, ছুরি, লাঠি, বিস্ফোরক বা এ ধরনের বস্তু বহন করা যাবে না।
এ ছাড়া পরীক্ষা কেন্দ্রের আশপাশে লাউডস্পিকার বা উচ্চ শব্দ সৃষ্টিকারী যন্ত্র ব্যবহার নিষিদ্ধ থাকবে। কেন্দ্রের ২০০ গজের মধ্যে থাকা ফটোকপি (ফটোকস্ট্যাট) মেশিনও পরীক্ষা চলাকালে বন্ধ রাখতে হবে।
গণবিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এসব নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
খুলনা গেজেট/এএজে

