বৃহস্পতিবার । ২৫শে জুন, ২০২৬ । ১১ই আষাঢ়, ১৪৩৩

বটিয়াঘাটায় অজ্ঞাতনামা নারীর মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক ও বটিয়াঘাটা প্রতিনিধি

খুলনার বটিয়াঘাটা উপজেলার সদর ইউনিয়নের মাইলমারা-আউশখালি এলাকার স্লুইস গেট সংলগ্ন স্থান থেকে অজ্ঞাতনামা এক মধ্যবয়সী নারীর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (২৫ জুন) বেলা ১টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, স্লুইস গেটের পাশে দূর্বা ঘাসের ওপর ওই নারীর মরদেহ পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। এ সময় তাঁর নাক ও মুখে রক্ত এবং শরীর ফোলা অবস্থায় ছিল। বিষয়টি সন্দেহজনক মনে হলে স্থানীয়রা তাৎক্ষণিকভাবে থানা পুলিশকে খবর দেন।

সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহটি উদ্ধার করে এবং জেলা সিআইডি (CID) পুলিশকে বিষয়টি অবহিত করে। পরে সিআইডি সদস্যরা ঘটনাস্থলে এসে লাশের আঙুলের ছাপ (ফিঙ্গারপ্রিন্ট) সংগ্রহ করেন। তবে প্রতিবেদন লেখা পর্যন্ত ওই নারীর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

পুলিশের প্রাথমিক ধারণা, মৃত নারীটি হয়তো মানসিক ভারসাম্যহীন ছিলেন এবং হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে (হার্ট অ্যাটাক) তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে।

খুলনার বটিয়াঘাটা থানার বর্তমান ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) শাহীনুর রহমান গোলদার বলেন, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে এবং আগামীকাল শুক্রবার ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। প্রাথমিকভাবে থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন