বৃহস্পতিবার । ২১শে মে, ২০২৬ । ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩

খুলনায় ঠিকাদারের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক

খুলনায় খাদ্য পরিবহন (সড়ক পথ) ঠিকাদার সমিতির সাবেক সহ-সভাপতি শেখ হারুনুর রশিদের ওপর গুলির ঘটনায় দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সন্ধ্যায় তাদের দু’জনকে সমিতির কার্যালয়ের সামনে থেকে গ্রেপ্তার করা হয়। বুধবার দুপুরের পর তাদের দু’জনকে আদালতে পাঠানো হয়। এর আগে ঠিকাদারের ওপর গুলির ঘটনায় গত রাতে ভাগ্নে বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।

গ্রেপ্তারকৃতরা হলেন, খুলনায় খাদ্য পরিবহন (সড়ক পথ) ঠিকাদার সমিতির বর্তমান আহবায়ক এসএম আজিজুর রহমান স্বপন ও সদস্য তাকিবুর রহমান। বাকি আসামিরা পলাতক রয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই জুয়েল রানা জানান, মঙ্গলবার রাতে আহত ঠিকাদার হারুনুর রশিদের ভাগ্নে আনিসুজ্জামান আট জনের নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয়ে আরও ৭/৮ জনকে আসামি করে মামলা দায়ের করেন। মামলায় তিনি উল্লেখ করেন, আসামিরা বেআইনি জনতাবদ্ধ হয়ে অনাধিকার প্রবেশ করে হত্যার উদ্দেশ্যে তার মামার ওপর গুলি চালায়। মঙ্গলবার সন্ধ্যায় খাদ্য পরিবহন (সড়ক পথ) বর্তমান কমিটির আহবায়ক এসএম আজিজুর রহমান স্বপন ও সদস্য তাকিবুর রহমানকে ঘটনাটি জানতে হেফাজতে নেয় পুলিশ। রাতে আহতের ভাগ্নে মামলা করলে তাদের দু’জনকে গ্রেপ্তার দেখানো হয়। বুধবার দুপুরের পর তাদের আদালতে প্রেরণ করা হয়। জিজ্ঞাসাবাদের প্রয়োজন হলে তাদের রিমান্ডে নেওয়া হবে। অস্ত্রধারী কে ছিলেন এমন প্রশ্নের জবাবে তিনি জানান, তদন্ত চলছে। তদন্ত শেষ হলে সব কিছু পরিস্কার হবে। অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।

উল্লেখ্য, মঙ্গলবার দুপুরের খুলনা খাদ্য পরিবহন (সড়ক পথ) ঠিকাদার সমিতিতে সভা দুপুরের দিকে আলোচনা সভা চলছিল। এ সময় একটি গ্রুপ সমিতি দখলের উদ্দেশ্যে খানজাহান আলী রোডস্থ আল হেরা জামে মসজিদের তৃতীয়তলায় অবস্থিত সমিতিতে প্রবেশ করে অপর গ্রুপের ওপর হামলা চালায়। সন্ত্রাসীদের ছোড়া গুলিতে সমিতির সাবেক সহ-সভাপতি হারুনুর রশিদ গুলিবিদ্ধ হয়।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন