‘আমার সোনার বাংলা
আমি তোমায় ভালোবাসি’
আমাদের জাতীয় সংগীত’
কবি গুরু রবীন্দ্র নাথ ঠাকুর ব্রিটিশ জামানায় ১৯০৫ সালে বঙ্গভঙ্গ আন্দোলনের সময় এ গানটি রচনা করেন। কালজয়ী এ গানটি আমাদের জাতীয় সংগীত হিসেবে স্বীকৃতি পেয়েছে। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে ১৯৭১ সালে এ গানটি বারবার প্রচার হওয়ায় মুক্তিযুদ্ধে অনুপ্রেরণা জোগায়।
আজ আবার ফিরে এল কবির জন্মদিন। কবির হৃদয়ে জন্মদিন আর নূতনের ডাক দিয়ে যাবে না, তবে তাঁর অসংখ্য অনুরাগীর মনে জাগাবে জীর্ণ পুরাতনকে ঝেড়ে ফেলে নূতনকে আহ্বান জানানোর প্রেরণা। আজ ২৫ বৈশাখ তাঁর ১৬৫তম জন্মবার্ষিকী।
ব্রিটিশ ভারতের কলকাতার জোড়াসাঁকোর বিখ্যাত ঠাকুর পরিবারে তাঁর জন্ম ১২৬৮ সনের ২৫ বৈশাখ। কবি ছিলেন বাবা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এবং মা সারদাসুন্দরী দেবীর চতুর্দশ সন্তান। তিনি তাঁর গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য ১৯১৩ সালে নোবেল পুরস্কার পেয়ে বাংলা ভাষা ও সাহিত্যকে বিশ্বসাহিত্যের অঙ্গনে প্রতিষ্ঠিত করেছিলেন।
সৃজনকর্ম ছাড়াও তার শিক্ষা, কৃষি, গ্রামীণ অর্থনীতি ও সমাজকল্যাণমূলক কর্মপরিধিও বিপুল এবং গভীর তাৎপর্যময়। পশ্চিমবঙ্গের শান্তিনিকেতনে ব্যতিক্রমী শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপন, পূর্ববঙ্গের শাহজাদপুর, পতিসরে কৃষকদের মধ্যে ক্ষুদ্রঋণ প্রবর্তনসহ তাঁর ভিন্নমাত্রার বহুবিধ কর্ম উদ্যোগ সমীহ জাগানিয়া হয়ে আছে। কবির দীর্ঘ ৮০ বছরের কর্মময় জীবনের অবসান ঘটেছিল ১৩৪৮ সনের বাইশে শ্রাবণ।
এ উপলক্ষে ফুলতলা উপজেলার দক্ষিণডিহি রবীন্দ্র কমপ্লেক্সে তিনদিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। নাট্যকার মামুনুর রশীদ উদ্বোধনী দিনের প্রধান অতিথি। বাংলাদেশ বেতারের খুলনা কেন্দ্র এ উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে।
দক্ষিণডিহিস্থ ‘রবীন্দ্র কমপ্লেক্সের সফেদাতলায় মৃণালিনী মঞ্চে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান। সভাপতিত্ব করবেন খুলনা জেলা প্রশাসক মিজ হুরে জান্নাত। বিশেষ অতিথি থাকবেন বিদ্যুৎ জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী অনিদ্য ইসলাম অমিত। স্মারক বক্তা হিসেবে উপস্থিত থাকবেন খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক ট্রেজারার শিক্ষাবিদ অধ্যাপক মোহাম্মদ মাজহারুল হান্নান।
২য় দিন শনিবার খুলনা জেলা প্রশাসক মিজ হুরে জান্নাত এর সভাপতিত্বে প্রধান অতিথি থাকবেন খুলনা বিভাগীয় কমিশনার মোঃ আব্দুল্লাহ হারুন। বিশেষ অতিথি থাকবেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) কানিজ ফাতেমা লিজা ও খুলনা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা সরোয়ার। স্মারক বক্তৃতা করবেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা খুলনা অঞ্চলের পরিচালক প্রফেসর ড. মোঃ আনিস-আর-রেজা। স্বাগত বক্তৃতা করবেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুচি রানী সাহা।
সমাপনী দিনে স্থানীয় সরকার খুলনার উপপরিচালক মোঃ আরিফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি থাকবেন খুলনা-৫ আসনের সংসদ সদস্য মোঃ আলি আজগার লবি। বিশেষ অতিথি থাকবেন খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার মন্ডল। স্মারক বক্তা থাকবেন শিক্ষাবিদ ও গবেষক অধ্যাপক মোঃ আব্দুল মান্নান। স্বাগত বক্তৃতা করবেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুচি রানী সাহা। এছাড়াও প্রতিদিন থাকছে বিষয়ভিত্তিক আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও লোকমেলা।
ফুলতলা উপজেলা নির্বাহী অফিসার সুচি রানী সাহা বলেন, ‘তিন দিনব্যাপী অনুষ্ঠানমালার সকল প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। সকলের সহযোগিতায় অনুষ্ঠান সুন্দরভাবে সম্পন্ন হবে।’ এ মেলায় লোক সমাগমও প্রচুর হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
খুলনা গেজেট/এনএম

