মঙ্গলবার । ৫ই মে, ২০২৬ । ২২শে বৈশাখ, ১৪৩৩

সুন্দরবনে পর্যটকদের ওপর হামলার চেষ্টা, আটক ২

গেজেট প্রতিবেদন

সুন্দরবন সংলগ্ন খুলনার দাকোপের একটি ইকো রিসোর্টে পর্যটকদের ওপর হামলা ও ডাকাতির চেষ্টাকালে দুই দুষ্কৃতকারীকে আটক করেছে কোস্ট গার্ড। গতকাল সোমবার (৪ মে) বিকেলে দাকোপের ঢাংমারী খাল সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- খুলনা জেলার দাকোপ থানার বাসিন্দা রাজন সরদার (২৫) ও রতন সরদার (১৪)।

কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, সোমবার ভোর ৪টার দিকে একদল দুষ্কৃতকারী ঢাংমারী খাল সংলগ্ন ‘সুন্দরী ইকো রিসোর্টে’ আসা পর্যটকদের ওপর হামলা ও লুটপাটের উদ্দেশ্যে জানালার গ্রিল ভেঙে ভেতরে প্রবেশ করে। রিসোর্ট কর্তৃপক্ষ বিষয়টি টের পেয়ে ধাওয়া করলে দুষ্কৃতকারীরা পালিয়ে যায়। পরে বিষয়টি কোস্ট গার্ডকে অবহিত করা হয়।

খবর পেয়ে কোস্ট গার্ডের একটি দল সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং গোয়েন্দা নজরদারির মাধ্যমে সোমবার বিকেল ৫টায় ওই এলাকায় বিশেষ অভিযান চালায়। অভিযানে ডাকাতির চেষ্টার সাথে জড়িত থাকার অভিযোগে ওই দুজনকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা স্বীকার করেছে যে, তারা দীর্ঘদিন ধরে ওই এলাকায় চুরি ও ছিনতাইয়ের সাথে জড়িত ছিল। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের দাকোপ থানায় হস্তান্তর করা হয়েছে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন