শনিবার । ২রা মে, ২০২৬ । ১৯শে বৈশাখ, ১৪৩৩

ছিনতাইকারীদের হাত থেকে মোবাইল রক্ষা করতে গিয়ে যুবক আহত

নিজস্ব প্রতিবেদক

ছিনতাইকারীদের হাত থেকে মোবাইল ফোন রক্ষা করতে গিয়ে সিএনজি থেকে পড়ে রানা (১৮) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। গতকাল শুক্রবার রাত ৮ টার দিকে নগরীর খালিশপুর থানাধীন মুজগুন্নি নেছারিয়া মাদ্রাসার সামনে ঘটনাটি ঘটে। আহত যুবক কয়রা উপজেলার ঘুগরাকাটি গ্রামের বাসিন্দা মকছেদের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, দৌলতপুরে যাওয়ার উদ্দেশ্যে শিববাড়ি মোড় থেকে সিএনজিতে ওঠে আহত যুবক। মোবাইল ফোনে কথা বলতে বলতে মুজগুন্নি নেছারিয়া মাদ্রাসার কাছে পৌঁছালে একইদিক থেকে আসা একটি মোটরসাইকেলে দু’জন ছিনতাইকারী তার হাত থেকে ফোনটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। মোবাইলটি রক্ষা করতে গিয়ে সিএনজি থেকে পড়ে গিয়ে যুবক গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

খালিশপুর থানার অফিসার ইনচার্জ এসএম জাবিদ হাসান বলেন, ঘটনাটি শোনার পরপর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। ছিনতাইকারীরা যুবকের মোবাইল ফোনটি নিয়ে গেছে। আশপাশের সিসি ফুটেজ সংগ্রহের চেষ্টা করা হচ্ছে। ছিনতাইকারীরা মোবাইলটি নিয়ে তা বন্ধ করে দিয়েছে। আমরা হাসপাতালে গিয়ে আহত যুবকের সাথে কথা বলেছি। তার সার্বিক খোঁজ খবর নেওয়া হচ্ছে। আগামীতে যেন এ ধরণের ঘটনা না ঘটে সেজন্য পুলিশের টহল ব্যবস্থা জোরদার করা হয়েছে।

 

খুলনা গেজেট/সাগর/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন