খুলনায় পৃথক সাইকেল লেন তৈরির ঘোষণা দিয়েছেন খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। শুক্রবার (১ মে) দুপুরে মহানগরীর শিববাড়ি মোড়ে আকিজ বাইসাইকেলের পৃষ্ঠপোষকতায় এবং খুলনা সাইক্লিস্টদের সহযোগিতায় আয়োজিত সাইকেল র্যালি ও স্টান্ট শো প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।
কেসিসি প্রশাসক বলেন, সাইকেলের জন্য পৃথক লেনসহ প্রয়োজনীয় অবকাঠামো এবং সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করা গেলে মানুষের নিরাপদ যাতায়াত নিশ্চিত হবে। পাশাপাশি সড়ক দুর্ঘটনা ও যানজট হ্রাস পাবে। এতে বায়ুদূষণ কমবে এবং জনস্বাস্থ্য সুরক্ষার পাশাপাশি একটি পরিবেশবান্ধব নগরী গড়ে উঠবে।
অনুষ্ঠানের অংশ হিসেবে একটি সাইকেল র্যালি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শিববাড়ি মোড়ে এসে শেষ হয়। পরে সেখানে খুলনা বিভাগের প্রথম সাইকেল স্টান্ট শো প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ‘নিরাপদ সড়ক চাই’ (নিসচা) খুলনা মহানগর শাখার সাধারণ সম্পাদক ও সাংবাদিক মাহবুবুর রহমান মুন্না। স্টান্ট শো প্রতিযোগিতার বিচারক ছিলেন খ্যাতিমান স্টান্ট রাইডার শাহরিয়ার মাহমুদ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নাইম খান, মাহাথির মো. অথৈ ও সায়েদ খান। এছাড়া নড়াইল সাইক্লিস্ট, নওয়াপাড়া স্টান্ট রাইডার, বসুন্দিয়া সাইক্লিস্ট ও অভয়নগর সাইক্লিস্ট গ্রুপের সদস্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান পরিচালনার সার্বিক দায়িত্বে ছিলেন খুলনা সাইক্লিস্টের প্রশাসক রেজা উর রহমান ও কাজী সাদিকসহ সংগঠনের পরিচালনা কমিটির সদস্যরা।
চোখ ধাঁধানো স্টান্ট শো দেখে মুগ্ধ হন কেসিসি প্রশাসকসহ উপস্থিত দর্শকরা। পরে আকিজ বাইসাইকেলের পক্ষ থেকে প্রতিযোগিতার চ্যাম্পিয়নকে ৪ হাজার টাকা, রানারআপকে ২ হাজার ৫০০ টাকা এবং দ্বিতীয় রানারআপকে ১ হাজার ৫০০ টাকা পুরস্কার প্রদান করা হয়।
খুলনা গেজেট/এএজে

