খুলনার পাইকগাছার জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ছোট ভাইয়ের ধাক্কায় পড়ে গিয়ে বীরেন বৈরাগী (৮০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার কপিলমুনি ইউনিয়নের নাবা গ্রামে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (২৭ এপ্রিল) সকাল আনুমানিক ৯টার দিকে পারিবারিক জায়গা-জমি ভাগ বাটোয়ারা নিয়ে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে দুই ভাইয়ের মধ্যে ধাক্কাধাক্কি শুরু হয়। এ সময় ছোট ভাই কিরণ বৈরাগীর ধাক্কায় বীরেন বৈরাগী মাটিতে লুটিয়ে পড়ে গুরুতর আহত হন।
তাৎক্ষনিক স্থানীয়রা তাকে উদ্ধার করে কপিলমুনি ১০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত বীরেন বৈরাগী ওই গ্রামের মৃত মাদার বৈরাগীর ছেলে।
ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয়রা জানিয়েছেন, ঘটনার পরেই ছোট ভাই কিরণ বৈরাগীর পরিবারের লোকজন বাড়িতে তালা দিয়ে গাঁ ঢাকা দিয়েছে।
এ বিষয়ে পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. গোলাম কিবরিয়া জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
খুলনা গেজেট/এনএম

