শুক্রবার । ২৭শে মার্চ, ২০২৬ । ১৩ই চৈত্র, ১৪৩২

খুলনায় গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে ছিনতাইকারী চক্রের সদস্য নিহত

নিজস্ব প্রতিবেদক ও দিঘলিয়া প্রতিনিধি

খুলনায় গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে ছিনতাইকারী চক্রের এক সদস্য’র মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাত ১ টার দিকে দিঘলিয়া থানাধীন দেয়াড়া ঘাটে ঘটনাটি ঘটে। একই ঘটনায় তাহিদুল ইসলাম নামে এক ব্যবসায়ী গুরুতর আহত হয়েছেন। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি।

সংঘবদ্ধ ছিনতাইকারীরা ওই ব্যবসায়ীর নিকট থেকে নগদ ৫ লাখ টাকা ও দু’টি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। তবে ছিনতাইকারীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে পরস্পর বিরোধী বক্তব্য পাওয়া গেছে।

নিহত ছিনতাইকারী দেয়াড়া কলোনী পশ্চিমপাড়া ৫নং ওয়ার্ড এলাকার বাসিন্দা খোকন মোল্লার ছেলে সাগর মোল্লা।

পুলিশ ও স্থানীয়দের মাধ্যমে জানা গেছে, দিঘলিয়া দেয়াড়া এলাকার বাসিন্দা জাবেদ আলী শেখের ছেলে তাহিদুল ইসলাম তার ফ্লেক্সি লোড ও বিকাশের দোকান বন্ধ করে একটি ব্যাগে ৫ লাখ টাকা নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। রাত ১ টার দিকে সাইকেল চালিয়ে পপুলার জুট মিলের কর্ণারে পৌঁছালে ওৎ পেতে থাকা ৩-৪ জন দুর্বৃত্ত তাকে জাপটে ধরে কাছে থাকা ব্যাগটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। তাদের মধ্যে ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে দুর্বৃত্তদের মধ্যে একজন হত্যার উদ্দেশ্যে গুলি করে কিন্তু গুলিটি লক্ষ্যভ্রষ্ট হয়ে সাগর মোল্লার শরীরের পেছনে বিদ্ধ হয়। পরবর্তীতে হাসপাতালে আনার পথে তার মৃত্যু হয়। অপরদিকে ব্যবসায়ী তাহিদুল প্রাণে বেঁচে যায়।

খুলনা গেজেট/সাগর/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন