ডুমুরিয়ায় ছদ্মবেশি যাত্রীর হাতুড়ির আঘাতে চালককে জখম করে ইজিবাইক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। সোমবার (২ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে খড়িয়া গ্রামের ইট ভাটার পাশে এ ঘটনা ঘটে।
স্থানীয় লোকজন মুমুর্ষ অবস্থায় ইজিবাইক চালক আব্দুল্লাহ আল-মামুনকে উদ্ধার করে ডুমুরিয়া হাসপাতালে প্রেরণ করে।
পরে উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।
আহত মামুন খুলনা নগরীর নাজিরঘাট মেইন রোড এলাকার ইয়াকুব শেখের ছেলে।
জানা যায়, ইজিবাইক চালক আব্দুল্লাহ আল মামুন শেখ (৪৫) ঘটনারদিন রাতে খুলনার জিরোপয়েন্ট থেকে তিনজন যাত্রী নিয়ে ডুমুরিয়ার উদ্দেশ্যে রওনা হয়। পথিমধ্যে গাড়িটি ডুমুরিয়ার দিকে না যেয়ে গুটুদিয়া গ্রামের মধ্যদিয়ে খড়িয়ার অভিমুখে যায়। খড়িয়া গ্রামের ইট ভাটার সামনে ইজিবাইক থামিয়ে গাড়ি থেকে ছদ্মবেশি যাত্রীরা নেমে পড়ে। এ সময় তারা চালককে নামিয়ে পেছন দিয়ে মাথায় হাতুড়ির আঘাত করে। একপর্যায় মাটিতে লুটে পড়লে ইজিবাইক নিয়ে পালিয়ে যায়।
গুরুতর আহত অবস্থায় রাস্তার উপর সংজ্ঞাহীন পড়ে থাকা মামুনকে খড়িয়া গ্রামের শহিদুল শেখসহ কয়েকজন লোক উদ্ধার করে ডুমুরিয়া হাসপাতালে নিয়ে যায়।
ইজিবাইক চালক মামুনের মেয়ে বৃষ্টি জানায়, ‘যাত্রী সেজে ইজিবাইক ভাড়া করে নিয়ে যায় ছিনতাইকারীরা। ওরা ফাঁকা জায়গায় নিয়ে বাবার মাথায় হাতুড়ির আঘাত করে ইজিবাইক নিয়ে পালিয়ে যায়।
ছিনতাই হওয়া ইজিবাইকটি মামুন ভাড়ায় চালাতো।
মঙ্গলবার (৩ মার্চ) খুমেক হাসপাতালে মামুনের জ্ঞান ফিরেছে এবং সে শঙ্কামুক্ত বলে জানা গেছে।
থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কামাল হোসেন জানান, ‘ঘটনার পর থেকে পুলিশ ছায়া তদন্ত শুরু করেছে। অভিযোগ দিলে মামলা রেকর্ড হবে।’
খুলনা গেজেট/এমএনএস

