খুলনা সিটি কর্পোরেশনের নতুন প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, সিটি কর্পোরেশনের সীমিত সামর্থ্যে ক্লিনারদের সাথে ভোর ৬টার পর থেকে ড্রেন পরিষ্কার কাজে তদারকি করব ইনশাল্লাহ। আমি ঘুমাব কম, কাজ করব বেশি। আমি দেখতে চাই আমার কর্মচারীরা কতখানি সঠিকভাবে কাজ করে।
রবিবার (১ মার্চ) বিকেল ৩টায় নগর ভবনের শহিদ আলতাফ মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে প্রশাসকের দায়িত্বগ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে তিনি খুলনা বিভাগীয় কমিশনার এবং বিদায়ী প্রশাসক মো. মোখতার আহমেদ-এর কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্বগ্রহণ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ। অনুষ্ঠানে খুলনার সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিকসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উন্মুক্ত আবর্জনা ব্যাপারে প্রধানমন্ত্রী নির্দিষ্ট করে বলেছেন উল্লেখ করে তিনি বলেন, উন্মুক্ত আবর্জনা থাকবে না। এটি প্যাকেট করতে হবে। রিসাইকেলিং করে সারে রূপ দিতে হবে এবং তার জন্য তিনি অর্থ আনবেন বলে জানিয়েছেন। শহরের যতো আবর্জনার স্তূপ সেগুলোকে প্যাকেট করে ঢেকে রাখতে হবে। খোলা রেখে মানুষের বিড়ম্বনা সৃষ্টি করে এমন কাজ আমরা করব না ইনশাল্লাহ।
প্রধানমন্ত্রী বলেছেন, মানুষকে বলবেন নাগরিক দায়িত্বটা যেন পালন করে। সকলের দায়িত্ব আছে। এই কাজগুলোর মধ্যে কিছু কিছু কাজ নাগরিকদের। সেই কাজটি তারা করবেন।
খুলনা গেজেট/এএজে

