খুলনা বিভাগীয় পর্যায়ে ‘অদম্য নারী পুরস্কার ২০২৫’ সম্মাননা প্রদান অনুষ্ঠান রবিবার (১ মার্চ) খুলনা জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়াম-এ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মো. মোখতার আহমেদ। বিভাগীয় প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।
প্রধান অতিথি বলেন, দেশের সকল নারীই অদম্য। শিক্ষা হলো আলো, আর আলো হলো নূর—আজকের সফল নারীরা সেই নূরেরই অংশ। সমাজে নারী ও পুরুষের ভূমিকা অনস্বীকার্য। নানা প্রতিবন্ধকতা অতিক্রম করেই নারীদের সাফল্য অর্জন করতে হয়। তিনি বলেন, অর্থ বা পুরস্কার নয়—বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ স্বীকৃতিই মূল বিষয়। আজকের বিজয়ীরা শুধু নিজেদের জন্য নয়, পরিবার ও সমাজের পক্ষেও সম্মান বয়ে এনেছেন। মেয়েদের কাজ মেয়ে হিসেবে নয়, মানুষ হিসেবে মূল্যায়ন করার আহ্বান জানান তিনি।
খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) সিফাত মেহনাজ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি তোফায়েল আহাম্মেদ এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার মন্ডল। স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) মুহাম্মদ আসাদুল হক।
অনুষ্ঠানে পুরস্কারপ্রাপ্ত অদম্য নারীরা তাদের অনুভূতি ব্যক্ত করেন। এসময় শ্রেষ্ঠ অদম্য নারী ও তাঁদের অভিভাবক, বিভাগীয় ও জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং নারী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিভাগীয় পর্যায়ে নির্বাচিত পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারীকে অর্থ, সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।
তারা হলেন—
অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী: খুলনার খালিশপুরের তারানা তাবাচ্ছুম
শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী: কুষ্টিয়ার ভেড়ামারার মোছা. ববিতা খাতুন
সফল জননী ক্যাটাগরি: সাতক্ষীরা সদরের লুৎফুন নেছা বেগম
নির্যাতনের দুঃস্বপ্ন মুছে জীবনসংগ্রামে জয়ী নারী: যশোর সদরের শরিফা ইয়াসমিন
সমাজ উন্নয়নে অসামান্য অবদান: চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মোছা. রাজিয়া খাতুন।
খুলনা গেজেট/এএজে

