ঝিনাইদহের মহেশপুর সীমান্তে চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন, ছয় রাউন্ড গুলি এবং ২৪ বোতল ভারতীয় এসকাফ সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (২৭ জুন) ভোর ৪টা ৪০ মিনিটের দিকে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)-এর অধীনস্থ সামন্তা বিওপির সুবেদার মো. ওমর আলীর নেতৃত্বে একটি টহলদল সীমান্ত এলাকায় এই অভিযান পরিচালনা করে।
বিজিবি জানায়, সীমান্ত এলাকায় সন্দেহভাজন দুই চোরাকারবারীকে ধাওয়া করলে তারা মহেশপুর উপজেলার বেলেহাটি গ্রামের মো. মোনতাজ আলীর পুকুরের উত্তর পাড়সংলগ্ন জঙ্গলে একটি সাদা প্লাস্টিকের বাজারের ব্যাগ ফেলে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা ফেলে যাওয়া ব্যাগটি তল্লাশি করে একটি কার্টনের ভেতর থেকে ইতালিতে তৈরি দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন, ছয় রাউন্ড গুলি এবং ২৪ বোতল ভারতীয় এসকাফ সিরাপ উদ্ধার করেন।
বিজিবি আরও জানায়, উদ্ধার করা অস্ত্র, ম্যাগাজিন, গুলি ও এসকাফ সিরাপ আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে মহেশপুর থানায় এজাহারের মাধ্যমে হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে।
খুলনা গেজেট/এএজে

