মহেশপুর সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, প্রতিহত করল বিজিবি

গেজেট প্রতিবেদন

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে এক ব্যক্তিকে অবৈধভাবে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবির তৎপরতায় ওই চেষ্টা প্রতিহত করা হয়েছে। রবিবার (২৭ সেপ্টেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে বিজিবি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বেলা ১০টা ৪৫ মিনিটের দিকে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) আওতাধীন খোসালপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৬০/৯৮-আর সংলগ্ন গেট দিয়ে এ পুশইনের চেষ্টা করা হয়।

বিজিবি জানায়, প্রতিপক্ষ ১৯৪ বিএসএফ ব্যাটালিয়নের রামনগর ক্যাম্পের সদস্যরা এক অজ্ঞাতনামা পুরুষকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করে। বাংলাদেশে প্রবেশের আগেই খোসালপুর বিওপির টহলদলের নজরে বিষয়টি আসে। পরে বিজিবি সদস্যরা ওই ব্যক্তিকে বাংলাদেশে প্রবেশে বাধা দেন।

বিজিবির তৎপরতায় বিএসএফের অবৈধ পুশইনের চেষ্টা কার্যকরভাবে প্রতিহত করা সম্ভব হয়েছে। বর্তমানে ওই ব্যক্তি ভারতের অভ্যন্তরে কাঁটাতারের কাছে অবস্থান করছেন বলে জানিয়েছে বিজিবি।

মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটেলিয়নের সহকারী পরিচালক মুন্সি ইমদাদুর রহমান জানান, বিজিবির তৎপরতায় বিএসএফ কর্তৃক অবৈধ পুশইনের চেষ্টা কার্যকরভাবে প্রতিহত করা সম্ভব হয়েছে। এ বিষয়টি এরই মধ্যে ১৯৪ বিএসএফ ব্যাটেলিয়নকে অবহিত করা হয়েছে। সীমান্ত সুরক্ষা, পুশইন ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ এবং সীমান্ত এলাকায় শান্তি- শৃঙ্খলা বজায় রাখতে বিজিবি সর্বোচ্চ সতর্কতার সঙ্গে তৎপর রয়েছে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন