শুক্রবার । ২৯শে মে, ২০২৬ । ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ২

গেজেট প্রতিবেদন

ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ দুইজন নিহত হয়েছেন। এর মধ্যে ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় শহিদ মিনার চত্বরের সামনে বাসচাপায় আরজ আলী (১৮) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। শুক্রবার (২৯ মে) বিকেলে ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় শহিদ মিনার চত্বরের সামনে এ ঘটনা ঘটে।

নিহত মোটরসাইকেল চালক আরজ আলী কোটচাঁদপুর উপজেলার কালুখালী গ্রামের লিটন হোসেনর ছেলে।

পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, বিকেলে শহরের শহিদ মিনার চত্বরের সামনে মোটরসাইকেল নিয়ে রাস্তায় লেন পার হওয়ার সময় একটি বাস মোটরসাইকেলকে চাপা দেয়। এ সময় মোটরসাইকেল চালক আরজ আলী ঘটনাস্থলেই নিহত হন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা মরদেহ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠান।

ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত ডা. তাপস কুমার বলেন, মোটরসাইকেল চালককে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। মরদেহ মর্গে রাখা হয়েছে।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামান বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘাতক বাসটি আটক করে থানায় রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এ ছাড়া, শৈলকুপায় চলন্ত অটোভ্যানের ধাক্কায় মীম খাতুন (৩) নামে এক শিশু নিহত হয়েছে। শুক্রবার বেলা ১১টার দিকে শৈলকুপার গোসাইডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। মিম খাতুন শৈলকুপার সারুটিয়া ইউনিয়নের গোসাইডাঙা গ্রামের কবির হোসেনের মেয়ে।

স্থানীয় লোকজন জানান, শৈলকুপার সারুটিয়া ইউনিয়নের গোসাইডাঙ্গা গ্রামে নিজ বাড়ির সামনের রাস্তার পাশে খেলছিল শিশু মীম। এ সময় যাত্রীবাহী একটি অটোভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে শিশুটিকে ধাক্কায় দেয়। এরপর শিশুটি অটোভ্যানের চাকায় পিষ্ট হলে গুরুতর আহত অবস্থায় পরিবারের সদস্যরা উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা বলেন, অটোভ্যানের ধাক্কায় মিম খাতুন (৩) নামের এক শিশু নিহত হয়েছে। এই বিষয়ে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন