ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব তারেক রেজাসহ ২২ নেতাকর্মীর নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ৫০/৬০ জনকে আসামি করে মামলা হয়েছে। শনিবার (২৩ মে) দুপুরে ঝিনাইদহ সদর থানায় মামলাটি দায়ের করেন জেলা ছাত্রদলের সদস্য এবং সাবেক সহ-সভাপতি এনামুল কবির।
শুক্রবার রাতে জেলা ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে এনসিপির মামলা দায়েরের পর শনিবার এ মামলা দায়ের করল ছাত্রদল।
শুক্রবার দুপুরে শহরের পুরাতন কালেক্টরেট জামে মসজিদে জুম্মার নামাজ শেষে বের হলে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর উপর ডিম নিক্ষেপ ও হামলার ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন আহত হয়। এ ঘটনার পর দুপুর থেকে রাত ৯টা পর্যন্ত থানায় অবস্থান নেন তারা। পরে ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের করে রাতে পুলিশের পাহারায় ঝিনাইদহ ছাড়েন পাটওয়ারী।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদউজ্জামান বলেন, এনামুল কবিরের দেওয়া এজাহার আমরা মামলা হিসেবে গ্রহণ করেছি। মামলার আসামিদের দ্রুত গ্রেপ্তার করা হবে।
খুলনা গেজেট/এএজে

