ঝিনাইদহের শৈলকূপায় কৃষক কার্ডের টাকা পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন কৃষকরা। বিএনপির নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে মঙ্গলবার দুপুরে সারাদেশে ভার্চুয়ালি কৃষক কার্ডের টাকা বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
উদ্বোধনের পরে কৃষকদের ব্যাংক হিসাবে ২৫০০ টাকা পৌঁছে যায়। এতে খুশি শৈলকুপা উপজেলার আবাইপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামের ১ হাজার ৫৯৮ কৃষক।
জুগনী গ্রামের কৃষক জাকির হোসেন বলেন, আমরা কল্পনাও করতে পারিনি আমাদের মাঝে এভাবে ২৫০০ করে টাকা সরকারিভাবে বরাদ্দ করা হবে। তবে আজ টাকা পেয়ে আমরা খুশিতে আত্মহারা।
কৃপালপুর গ্রামের টিপু খান বলেন, নির্বাচনের আগে বিএনপি প্রতিশ্রুতি দিয়েছিল, সরকার গঠন করতে পারলে কৃষকদের মাঝে ২৫০০ করে টাকা বিতরণ করা হবে। এরই অংশ হিসেবে আজ আমি ২৫০০ টাকা বরাদ্দ পেয়েছি এতে আমার খুবই আনন্দ লাগছে।
উদ্বোধনী অনুষ্ঠানে ঝিনাইদহের শৈলকূপা উপজেলার কৃপালপুর কলুরভিটা মাঠে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইনমন্ত্রী আসাদুজ্জামান। এসময় আরও উপস্থিত ছিলেন জেলা উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, কৃষক, প্রশাসন ও পুলিশ বিভাগের কর্মকর্তারা।

