ছিনতাইকারীর ছুরিকাঘাতে ইজিবাইক চালকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ

ঝিনাইদহে ছিনতাইকারীর ছুরিকাঘাতে ইজিবাইক চালকের মৃত্যু হয়েছে। সোমবার (১৫ মে) সকালে সদর উপজেলার চাপড়ী গ্রামের বয়ারগাড়ী বিলের মাঠ থেকে ওই ইজিবাইক চালকের লাশ উদ্ধার করে পুলিশ । নিহত ইজিবাইক চালক শাখাওয়াত হোসেন শৈলকুপা উপজেলার দিঘলগ্রামের লুৎফর রহমানের ছেলে।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, রাত ৩টার দিকে শাখাওয়াত হোসেনসহ আরও ৩ জন ইজিবাইকে করে শৈলকুপা উপজেলার দিঘলগ্রামে যাচ্ছিলেন। চাপড়ী গ্রামের মাঠের মধ্যে পৌঁছালে পূর্ব থেকে ওৎ পেতে থাকা ছিনতাইকারীরা তাদের গতিরোধ করে। এক পর্যায়ে তাদের কাছ থেকে টাকা, মোবাইলসহ সকল মালামাল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। ইজিবাইকে থাকা অন্যরা পালিয়ে গেলেও ছিনতাইকারীদের সঙ্গে শাখাওয়াতের বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে তারা শাখাওয়াতকে ছুরিকাঘাত করে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়।

পুলিশ সকালে খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়। এদিকে, ঘটনাস্থল থেকে একটি মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ।

খুলনা গেজেট/ এসজেড




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন