যশোর-চৌগাছা সড়কের আমবটতলায় ট্রাকের ধাক্কায় মকবুল হোসেন (৪৫) নামে এক কলেজ শিক্ষক নিহত হয়েছেন। শুক্রবার (২৭ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিহত মকবুল হোসেন চৌগাছা উপজেলার পাশাপোল কলেজের সহকারী অধ্যাপক এবং একই উপজেলার সৈয়দপুর গ্রামের মৃত শামসুর রহমানের ছেলে।
স্থানীয়রা ও পুলিশ সূত্রে জানা যায়, মকবুল হোসেন মোটরসাইকেলযোগে যশোর শহর থেকে নিজ গ্রামের বাড়িতে ফিরছিলেন। পথে আমবটতলা এলাকায় পৌঁছালে পেছন থেকে আসা একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে তার মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
যশোর কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল জানান, ঘাতক ট্রাকটি শনাক্তের চেষ্টা চলছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
খুলনা গেজেট/এনএম

